আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

Birbhum-Election : ভোটের আগে অনুব্রত গড় বীরভূমে ধাক্কা শাসক দলের, পদত্যাগ একাধিক নেতা কর্মীর !

কিউ ইন্ডিয়া বাংলা:- সামনে বিধানসভা নির্বাচন, আর এই নির্বাচনকে কেন্দ্র করে শাসক থেকে বিরোধী সব পক্ষ প্রচারের দামামা বাজিয়ে দিয়েছে । সরগরম বাংলার রাজনীতির ময়দান । এরই মধ্যে অনুব্রত গড় বীরভূমে চাপে শাসক দল। ভোটের আগে কোনো জায়গায় যাতে গোষ্ঠীদ্বন্দ্ব না দেখা দেয় সেটা নিয়ে কড়া নির্দেশ দিয়েছিল তৃনমূল কংগ্রেসের হাইকমান্ড।  কিন্তু এই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে ফের গোষ্ঠী কোন্দল দেখা গেল বীরভূম জেলার দুবরাজপুরের হেতমপুরে ।

স্থানীয় তৃনমূল কর্মীদের একাংশের অভিযোগ পুরাতন কর্মীদের সম্পূর্ণ আড়ালে রেখে জেলার পক্ষ থেকে অঞ্চলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্তের প্রতিবাদেই পদত্যাগের ঘোষণা করেছেন তৃনমূল শাসিত পঞ্চায়েতের প্রধান , উপপ্রধান, বুথ সভাপতি ও অঞ্চল সভাপতিরা , যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়।গতকাল ২৬ শে জানুয়ারি সোমবার প্রজাতন্ত্র দিবসের রাতেই রাস্তায় নেমে বিক্ষোভ করতে দেখা যায় হেতমপুর অঞ্চলের তৃনমূল কংগ্রেস নেতৃত্বের একাংশকে । নতুন কমিটিতে অযোগ্যদের স্থান দেওয়া হয়েছে এই অভিযোগ তুলে বিক্ষোভ প্রদর্শন ও পদত্যাগের সিদ্ধান্ত তাদের । তবে এই বিক্ষোভ প্রদর্শন নিয়ে জেলা তৃনমূল নেতৃত্ব সম্পূর্ণ নিশ্চুপ।হেতমপুরে তৃণমূলের গোষ্ঠী কোন্দল নতুন ঘটনা নয় । এর আগে অনেকবার প্রকাশ্যে এসেছিল শাসক দলের অভ্যন্তরীণ কোন্দল। তৎকালীন জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলের মধ্যস্থতায় মিটেছিল সেবারের ঝামেলা । কিন্তু ভোটের প্রাক্কালে এই সমস্যা আবার একবার মাথাচাড়া দিয়ে উঠেছে।আর কয়েক মাসের মধ্যে নির্বাচন , তার আগে পঞ্চায়েত প্রধান , উপ প্রধান সহ একাধিক কর্মীদের পদত্যাগের ঘোষণা শাসক দলকে চাপে ফেলবে সেকথা নির্দ্ধিধায় বলাই যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *