বাংলার আয়না

Murder-Asansol : শাশুড়ি খুনে ছোট বউমা ও তার ঘনিষ্ঠ বন্ধু গ্রেপ্তার …..

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- আসানসোলে শাশুড়িকে খুনের ঘটনায় অভিযুক্ত সন্দেহে গ্রেপ্তার করা হল ছোট বউমা রিয়া রায় ও তাঁর ঘনিষ্ঠ বন্ধু সমীর আলমকে। শুক্রবার সকালে আসানসোল উত্তর থানার পুলিশ লালগঞ্জের বাসিন্দা রিয়া রায়কে গ্রেপ্তার করে। একই দিনে আসানসোলের জিটি রোডের ভগৎ সিং মোড় এলাকা থেকে ধরা হয় ঝাড়খণ্ডের ডাল্টনগঞ্জের বাসিন্দা সমীর আলমকে। দু’জনকে আদালতে তোলা হলে বিচারক ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৬ জানুয়ারি লালগঞ্জের একটি বাড়ি থেকে মৌ রায় নামে এক বৃদ্ধার অচৈতন্য দেহ উদ্ধার হয়। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পরিবারের সদস্যরা লক্ষ্য করেন, তাঁর গলায় আঘাতের চিহ্ন রয়েছে এবং গায়েই থাকা গয়না নিখোঁজ।

এই ঘটনার পর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়। প্রাথমিক রিপোর্টে জানা যায়, দড়ি জাতীয় কিছু দিয়ে গলা চেপে খুন করা হয়েছে মৌ রায়কে। তদন্তে উঠে আসে, ঘটনার ১৩ দিন আগে অর্থাৎ ৩ জানুয়ারি ছোট পুত্রবধূ রিয়া রায়ের বিরুদ্ধে চুরির অভিযোগে থানায় মামলা করেছিলেন মৃতা।

এই ঘটনার পর হঠাৎ মৌ রায়ের মৃত্যুকে ঘিরে সন্দেহ দানা বাঁধে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করে। তদন্তে জানা যায়, রিয়া রায়ের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয়েছিল সমীর আলমের। পুলিশ সন্দেহ করে, এই যুবক ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।

বৃহস্পতিবার রাতে সমীর আলমকে গ্রেপ্তার করা হয়। জেরায় সে খুনের কথা স্বীকার করে এবং জানায়, রিয়াও এই ঘটনায় যুক্ত ছিল। এরপর শুক্রবার সকালে রিয়াকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, সমীর যে হোটেলে থাকত, সেখান থেকে মৃতার গয়নাও উদ্ধার হয়েছে।

ডিসিপি (সেন্ট্রাল) ধ্রুব দাস জানান, খুনের ঘটনার সব দিক খতিয়ে দেখতে দু’জনকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *