পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শীতের বিদায়
কিউ ইন্ডিয়া বাংলা :- পাকিস্তান ও সংলগ্ন জম্মু–কাশ্মীরের উপর সক্রিয় একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর ভারতের আবহাওয়ায় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, ২৬ জানুয়ারি ফের নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা জম্মু–কাশ্মীর এলাকায় প্রবেশ করবে। পরপর এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কার্যত বিদায় নিতে চলেছে চলতি মরশুমের শীত।
বর্তমানে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশ কিছুটা ঊর্ধ্বমুখী। যদিও সকাল এবং সন্ধ্যায় হালকা শীতের আমেজ বজায় থাকছে, দিনের বেলায় শীতের অনুভূতি প্রায় নেই বললেই চলে। আগামী পাঁচ থেকে সাত দিন তাপমাত্রায় সামান্য ওঠানামা চলবে। শুক্র ও শনিবার এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমলেও রবিবার ও সোমবার ফের তা বাড়বে বলে পূর্বাভাস। সকালের দিকে হালকা কুয়াশা দেখা গেলেও ঘন কুয়াশা নিয়ে কোনও সতর্কতা জারি করেনি আবহাওয়া দপ্তর। দিনের দিকে আকাশ মূলত পরিষ্কার থাকবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড়সড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। আজ সকালের দিকে বিক্ষিপ্তভাবে সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতেও পারদ থাকবে একই মাত্রায়। পশ্চিমের জেলাগুলিতে তুলনামূলকভাবে কিছুটা বেশি শীত অনুভূত হবে, সেখানে তাপমাত্রা থাকতে পারে ১১ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। দিনের বেলায় শীত কার্যত উধাও থাকলেও সকাল ও সন্ধ্যায় হালকা শীতের আমেজ বজায় থাকবে।
উত্তরবঙ্গেও আপাতত ঘন কুয়াশার কোনও সতর্কতা নেই। তবে পার্বত্য অঞ্চল থেকে সমতল—বিক্ষিপ্তভাবে দু’এক জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। আগামী পাঁচ দিনে উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। দার্জিলিং পার্বত্য এলাকায় তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে।
কলকাতার ক্ষেত্রে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তাপমাত্রা ঊর্ধ্বমুখী। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ছিল ৪৯ থেকে ৯২ শতাংশের মধ্যে। আগামী সাত দিন কলকাতায় মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। সকালের দিকে হালকা ধোঁয়াশা বা কুয়াশা দেখা যেতে পারে, তবে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
এদিকে ভিন রাজ্যগুলির মধ্যে জম্মু–কাশ্মীর, লাদাখ ও মোজাফফরাবাদে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাঞ্জাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং শিলাবৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে জম্মু–কাশ্মীর, লাদাখ ও মোজাফফরাবাদেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
