Traffic Crackdown In Kolkata : দ্বিতীয় সপ্তমীর রাতে কলকাতায় ট্রাফিক অভিযান, ৮৩৩ মামলা দায়ের, গ্রেফতার ৬১ জন !
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- পুজোর রাতেও কড়া হাতে ট্রাফিক আইন সামলাচ্ছে কলকাতা পুলিশ। দ্বিতীয় সপ্তমীর রাতে শহর জুড়ে অভিযান চালিয়ে ৬১ জনকে গ্রেফতার করা হয়েছে। এক রাতেই ট্রাফিক আইন ভাঙার অভিযোগে মোট ৮৩৩টি মামলা রুজু করেছে লালবাজার।(Traffic Crackdown In Kolkata )
লালবাজারের তরফে প্রকাশিত তালিকা অনুযায়ী, সবচেয়ে বেশি মামলা হয়েছে বিনা হেলমেটে বাইক চালানোর অভিযোগে। ২৬৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুজোর ভিড়ে হেলমেট ছাড়া বাইক চালানোর প্রবণতা সবচেয়ে বেশি দেখা গিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এক বাইকে তিনজন সওয়ারি নিয়ে চালানোর অভিযোগে মামলা হয়েছে ১৪৮টি। অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে, পরিবার নিয়ে ঠাকুর দেখতে বেরিয়ে এক বাইকে তিনজন চড়ছেন, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই ধরনের ঘটনা রুখতে বিভিন্ন মোড়ে মোড়ে চলছে নাকা চেকিং।(Traffic Crackdown In Kolkata )
এছাড়াও বেপরোয়া ভাবে গাড়ি চালানোর অভিযোগে ১২৭টি মামলা এবং মত্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে ১২০ জনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। পুলিশ জানিয়েছে, রাত বাড়ার সঙ্গে সঙ্গে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ঘটনা বাড়ছে। ব্রেথ অ্যানালাইজার দিয়ে পরীক্ষা করে অনেককেই আটক করা হয়েছে। ট্রাফিক সংক্রান্ত অন্যান্য নিয়ম ভাঙার অভিযোগে আরও ১৬৯টি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, দুর্গাপুজোকে কেন্দ্র করে পঞ্চমীর রাত থেকেই কলকাতা জুড়ে বিশেষ নজরদারি শুরু হয়েছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় বাড়ানো হয়েছে পুলিশি টহল। বিশেষ করে রাতের দিকে বেপরোয়া ও মত্ত অবস্থায় গাড়ি চালানো রুখতে চলছে কড়া তল্লাশি। লালবাজারের তরফে জানানো হয়েছে, উৎসবের দিনগুলিতে যাতে কোনও দুর্ঘটনা না ঘটে, তার জন্য এই বিশেষ ব্যবস্থা।(Traffic Crackdown In Kolkata )
উল্লেখ্য, প্রথম সপ্তমী পর্যন্ত ট্রাফিক আইন ভাঙার মামলার সংখ্যা ছিল প্রায় সাড়ে ৪০০। দ্বিতীয় সপ্তমীতে তা প্রায় দ্বিগুণ বেড়ে ৮৩৩-এ দাঁড়িয়েছে। গ্রেফতারির সংখ্যাও আগের দিনের তুলনায় অনেকটাই বেশি। পুজোর বাকি দিনগুলিতেও এই নজরদারি আরও কড়া হবে বলে জানিয়েছে লালবাজার।
