আজকের দিনেবিশ্ব

Missile Attack : রিয়াধ এয়ারপোর্টে ভয়াবহ মিসাইল হামলা, সৌদির পাশে দাঁড়িয়ে হাউথিদের কড়া নিন্দা ভারতের

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- সৌদি আরবে ভয়াবহ হাউথি হামলা। রাজধানী রিয়াধের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আছড়ে পড়ল মিসাইল। মৃত্যু হল অন্তত ১২ জনের, আহত ৩০০-র বেশি। চলতি সপ্তাহে এই নিয়ে তিনবার আক্রান্ত হল রিয়াধ এয়ারপোর্ট, তবে প্রাণহানির ঘটনা এই প্রথম। শনিবার ভোররাতে এই হামলা হয় বলে জানা গিয়েছে। মৃতদের অধিকাংশই বিদেশি নাগরিক। বাংলাদেশ, প্যালেস্টাইন, আমেরিকা, মিশর, জর্ডান, সিরিয়া, সুদানের নাগরিকরা রয়েছেন মৃতদের তালিকায়। বছরের শুরু থেকে ইরান-আমেরিকা যুদ্ধের আবহে সৌদির উপর লাগাতার হামলা চালাচ্ছে হাউথিরা, তবে শনিবারের মতো বড় মাপের হামলা আগে হয়নি।

 

বৃহস্পতিবারও কিং খালিদ এবং আভা আন্তর্জাতিক বিমানবন্দরে একের পর এক বিস্ফোরণ হয়। কিং খালিদ বিমানবন্দরে একটি বিমান থেকে ধোঁয়া বেরোতেও দেখা যায়। তারপর থেকেই বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।এই মর্মান্তিক ঘটনার তীব্র নিন্দা করেছে ভারত। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স হ্যান্ডেলে বিবৃতি দিয়ে বলেন, ‘সাধারণ মানুষ এবং দেশের অসামরিক পরিকাঠামোর উপর এইভাবে আক্রমণ মেনে নেওয়া যায় না। দ্রুত এই হামলা বন্ধ করা উচিত। সৌদি আরবের সার্বভৌমত্ব রক্ষায় সেদেশের পাশে আছে ভারত।’

 

 

এদিকে দু’দিন আগেই সৌদিতে থাকা ভারতীয়দের সতর্ক করেছে রিয়াধের ভারতীয় দূতাবাস। হাউথি হামলার মধ্যে আপাতত ঘরেই থাকার পরামর্শ দেওয়া হয়েছে ভারতীয় নাগরিকদের। পাশাপাশি চলমান ঘটনাবলী নিয়ে কোনও ভিডিও বা খবর প্রচার বা পোস্ট না করারও পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *