UJJAIN: ৬০০ বছরের শাহি মসজিদে বুলডোজার! কাঁদানে গ্যাস-র্যাফ নামল উজ্জয়িনীতে
কিউ ইন্ডিয়া বাংলা, উজ্জয়িনী:- মেলার রাস্তার জন্য ভাঙা হবে ৬০০ বছরের পুরনো শাহি মসজিদ (UJJAIN) ! আর তা নিয়েই ধুন্ধুমার উজ্জয়িনী। সোমবার আদালতের নির্দেশে মসজিদের একাংশ ভাঙতে যায় প্রশাসন। আর তখনই বিক্ষোভে ফেটে পড়েন মুসলিম ধর্মাবলম্বীরা। মহিলারা সামনের সারিতে দাঁড়িয়ে বিক্ষোভ দেখান। পরিস্থিতি সামাল দিতে নামাতে হল র্যাফ, ছুড়তে হল কাঁদানে গ্যাস। মসজিদ চত্বরে মোতায়েন ২ হাজার পুলিশ (UJJAIN)।
সিংহস্থ মেলায় আগত পুণ্যার্থীদের থাকার ব্যবস্থা করতে বড়সড় পরিকাঠামো গঠনের পরিকল্পনা করছে উজ্জয়িনীর পুর নিগম (UJJAIN) । তার জন্য ৭৩০ মিটার লম্বা একটি রাস্তা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই রাস্তা তৈরির জন্য অন্তত ২৭২টি নির্মাণ ভাঙতে হবে। সেই তালিকায় রয়েছে শাহি মসজিদও। পুর নিগমের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয় মধ্যপ্রদেশ হাই কোর্টে। কিন্তু মেলার কথা মাথায় রেখে উচ্চ আদালত ওই পিটিশন খারিজ করে দেয়।
আদালতের নির্দেশের পর সোমবার শাহি মসজিদের প্রার্থনা কক্ষ, মিনার-সহ কয়েকটি অংশ ভাঙার কাজ শুরু করতে যায় প্রশাসন। অভিযোগ, সেই সময়েই পাথর ছুড়তে শুরু করেন বিক্ষোভকারীরা। ক্রমশ উত্তপ্ত হতে থাকে পরিস্থিতি। জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ শুরু করে। বিক্ষোভের একেবারে পুরোভাগে ছিলেন মহিলারা। তাঁদের সরাতে কাঁদানে গ্যাস ছোড়া হয়। মসজিদের ৫০০ মিটার এলাকা ঘিরে ফেলা হয়েছে, বসানো হয়েছে ব্যারিকেড।
এই ঘটনায় সরব হয়েছে বিরোধীরা। কংগ্রেস সাংসদ ইমরান প্রতাপগড়ি বলেন, “আরও সংবেদনশীলভাবে রাস্তা তৈরির পরিকল্পনা করা উচিত ছিল। উন্নয়নের নামে ৬০০ বছরের পুরনো স্থাপত্য ভেঙে ফেলাটা ঘৃণা ছড়ানোর সমান।” অন্যদিকে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব নিজের পৈতৃক ভিটের একাংশও এই রাস্তা তৈরির স্বার্থে ভেঙে ফেলেছেন বলে জানা গিয়েছে।
উন্নয়ন বনাম ঐতিহ্য, এই দ্বন্দ্বেই এখন উত্তপ্ত উজ্জয়িনী। একদিকে সিংহস্থ মেলার জন্য পরিকাঠামো উন্নয়ন জরুরি, অন্যদিকে ৬০০ বছরের পুরনো শাহি মসজিদের অস্তিত্ব। আদালতের নির্দেশে ভাঙার কাজ শুরু হলেও বিক্ষোভে আপাতত তা থমকে। ২ হাজার পুলিশের ঘেরাটোপে এখন থমথমে গোটা এলাকা। শেষ পর্যন্ত এই জট কীভাবে কাটে, সেটাই দেখার।
