BAGUIHATI CASE : বাগুইআটিতে চাঞ্চল্যকর ঘটনা, বাড়ি ফাঁকা পেয়ে লুটপাট – মৃত্যু যুবকের
কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- বাগুইআটিতে (BAGUIHATI CASE) বাড়িতে ঢুকে লুটপাটের অভিযোগ, উদ্ধার হল যুবকের দেহ। মৃতের নাম বলরাম রাজবংশী। রবিবার দুপুরে ঘটনাটি ঘটে বাগুইআটি এলাকায়।
জানা গিয়েছে, মৃত যুবক মানসিকভাবে অসুস্থ ছিলেন। ঘটনার সময় (BAGUIHATI CASE)বাড়িতে কেউ ছিলেন না। পরিবার সূত্রে খবর, বাবা-মা পাশের বাড়িতে গিয়েছিলেন। সেই ফাঁকেই দুষ্কৃতীরা বাড়িতে ঢোকে বলে অভিযোগ। বাড়িতে ঢুকে ব্যাপক তল্লাশি চালায় তারা। ঘরের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। আলমারি ভাঙা অবস্থায় ছিল।
অভিযোগ, তল্লাশির পর প্রায় দুই লক্ষ টাকা লুঠ করে নিয়ে যায় দুষ্কৃতীরা (BAGUIHATI CASE)। সেই সময় যুবক বাধা দিতে গেলে তাঁর উপর হামলা চালানো হয় বলে অনুমান। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। পরে পরিবারের লোকজন বাড়ি ফিরে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। চিৎকার চেঁচামেচিতে ছুটে আসেন প্রতিবেশীরা।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বাগুইআটি থানার পুলিশ। বাড়ির ভিতরে সমস্ত জিনিসপত্র তছনছ অবস্থায় উদ্ধার হয়। আলমারি খোলা থাকলেও ভিতরে কোনও টাকা-পয়সা বা গয়না পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, যুবকের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।
মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঠিক কী কারণে এই মৃত্যু, তা ময়নাতদন্তের রিপোর্ট এলেই স্পষ্ট হবে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। এটি নিছক লুটপাটের ঘটনা নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে এবং প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
