এসএসসি মামলায় হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
কিউ ইন্ডিয়া বাংলা:- স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ মামলা ঘিরে চাকরিপ্রার্থীদের অনিশ্চয়তা আরও বাড়ল। সোমবার কলকাতা হাই কোর্টের বয়সে ছাড় সংক্রান্ত নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। ফলে নতুন নিয়োগপ্রক্রিয়ায় বয়সের ছাড় পেয়ে অংশ নেওয়ার সুযোগ আপাতত বন্ধ হয়ে গেল বহু প্রার্থীর।
এর আগে কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছিলেন, ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় যাঁরা সুযোগ পাননি এবং যাঁদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই, তাঁরা নতুন নিয়োগে বয়সের ছাড় পাবেন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার ও এসএসসি সুপ্রিম কোর্টে আবেদন জানায়।
সোমবার বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি কে ভিনোদ চন্দ্রনের ডিভিশন বেঞ্চ জানায়, হাই কোর্টের ওই নির্দেশ আপাতত কার্যকর হবে না। ফলে বয়সসীমা অতিক্রম করা প্রার্থীরা এই মুহূর্তে নিয়োগপ্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। শুধুমাত্র যাঁরা কর্মরত অবস্থায় চাকরি হারিয়েছেন, তাঁদের ক্ষেত্রেই বয়সের ছাড় প্রযোজ্য থাকবে।
শীর্ষ আদালত জানিয়েছে, সকল প্রার্থীকে একসঙ্গে বয়সে ছাড় দেওয়া যাবে না। কেবলমাত্র ব্যতিক্রমী ও মানবিক পরিস্থিতিতে তা বিবেচনা করা হতে পারে। উদাহরণ হিসেবে আদালত ক্যানসার আক্রান্ত শিক্ষক সোমা রায়ের প্রসঙ্গ উল্লেখ করেছে, যাঁর চাকরি মানবিক কারণে বহাল রাখা হয়েছিল।
রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, বয়সে ছাড় দেওয়া হলে প্রায় ২ লক্ষ ৪০ হাজার প্রার্থী নতুন করে পরীক্ষায় বসার দাবি জানাতে পারেন, যা গোটা নিয়োগপ্রক্রিয়াকে জটিল করে তুলবে।
প্রসঙ্গত, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৫ হাজার ৭৫২টি চাকরি বাতিল হয়েছিল। সেই রায়ে বলা হয়েছিল, যাঁরা দুর্নীতিতে যুক্ত নন, তাঁরা বয়সে ছাড় পেতে পারেন। সেই যুক্তিতেই কয়েকজন প্রার্থী হাই কোর্টে আবেদন করেছিলেন।
সুপ্রিম কোর্ট মামলার সব পক্ষকে নোটিস জারি করেছে এবং আগামী মার্চ মাসে পরবর্তী শুনানির নির্দেশ দিয়েছে। তার আগে সকল পক্ষকে হলফনামা জমা দিতে বলা হয়েছে। চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত বয়সে ছাড় সংক্রান্ত কোনও সুবিধাই কার্যকর থাকবে না এমনই অবস্থান নিল শীর্ষ আদালত।
