LEO MESSI : অবসরের এক মাস পরই কামব্যাক! ফের আর্জেন্টিনার হয়ে মাঠে নামছেন মেসি
কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:– আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর এক মাসের মধ্যেই ফের নীল-সাদা জার্সিতে মেসি (LEO MESSI) ! ৩১ আগস্ট অবসর নেওয়া আর্জেন্টাইন কিংবদন্তিকে শেষবারের মতো মাঠে দেখা যাবে আগামী ৬ অক্টোবর। ঘরের মাঠে হতে চলেছে তাঁর আনুষ্ঠানিক বিদায়ী ম্যাচ।
বিশ্বজুড়ে কোটি কোটি সমর্থককে কাঁদিয়ে ৩১ আগস্ট আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন লিওনেল মেসি (LEO MESSI)। বিশ্বকাপ ফাইনালে হার এবং ব্যক্তিগত শোকের পর এই সিদ্ধান্ত নেন তিনি। তবে কিংবদন্তিকে যথাযথ সম্মান দিয়ে বিদায় জানাতে বিশেষ প্রীতি ম্যাচের আয়োজন করছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (AFA)। আগামী ৬ অক্টোবর বুয়েনস আইরেসের ৮৫ হাজার আসনের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের মুখোমুখি হবে স্কালোনির দল, আর সেই দলেই থাকছেন মেসি (LEO MESSI)।
AFA সভাপতি জানিয়েছেন, এই ম্যাচকে স্মরণীয় করতে ২০২২ বিশ্বজয়ী দলের সব সদস্যকে আমন্ত্রণ জানানো হবে। বিশ্বকাপের পর ঘরের মাঠে তিনটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা, যার প্রথমটি ৩০ সেপ্টেম্বর বলিভিয়ার বিরুদ্ধে। কিন্তু শৃঙ্খলাভঙ্গের জন্য ওই ম্যাচে দর্শকাসন ৫০ শতাংশ কমাতে বলেছে ফিফা, তাই অনেক ভক্ত মেসিকে বিদায় জানাতে পারবেন না বলেই ৬ অক্টোবরের ম্যাচকেই বিদায়ী ম্যাচ হিসেবে বেছে নেওয়া হয়েছে।
২০০৫ সালে নীল-সাদা জার্সিতে অভিষেকের পর ২০৭ ম্যাচে ১২৫ গোল করেছেন মেসি। দেশের হয়ে জিতেছেন একটি বিশ্বকাপ ও দু’বার কোপা আমেরিকা। ৬ অক্টোবর শেষ হতে চলেছে বিশ্ব ফুটবলের এক সোনালি অধ্যায়।
