BRICS – CONGRESS : মোদির পর রাহুল-প্রিয়াঙ্কার সঙ্গে প্রাতরাশে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, ব্রিকসের মঞ্চে বিরোধী কূটনীতি!
কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি :- ব্রিকস সম্মেলনের ফাঁকেই চমক। প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পরদিনই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম (BRICS-CONGRESS)। প্রাতরাশের টেবিলে রাহুল-প্রিয়াঙ্কার সঙ্গে খোশ মেজাজে আড্ডার ছবি ভাইরাল সোশাল মিডিয়ায়।
শনি ও রবিবার ভারত মণ্ডপমে ব্রিকস সম্মেলন উপলক্ষে দিল্লিতে ভিড় রাষ্ট্রনেতাদের। শনিবার প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠকে বাণিজ্য, সেমিকন্ডাক্টর, পরিকাঠামো ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা করেন ইব্রাহিম। তার পরের দিনই রবিবার রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে প্রাতরাশ সারেন তিনি (BRICS-CONGRESS)। সেই ছবি ও ভিডিও নিজেরাই শেয়ার করেছেন রাহুল-প্রিয়াঙ্কা।
ছবিতে দেখা যাচ্ছে অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে তিনজনের খোশ মেজাজে গল্প। যদিও এটাই প্রথম নয়, এর আগেও ভারত সফরে এসে রাহুলের সঙ্গে দেখা করেছেন ইব্রাহিম (BRICS-CONGRESS) । এদিন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকেও শ্রদ্ধা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
জানা যাচ্ছে, মনমোহন সিংয়ের প্রতি দীর্ঘদিনের শ্রদ্ধা ও ব্যক্তিগত সম্পর্কের সূত্র ধরেই রাহুলের সঙ্গে এই সাক্ষাৎ। ২০২৪-এ মনমোহনের প্রয়াণের পর তাঁকে ‘প্রিয় বন্ধু’ বলে উল্লেখ করে ভারতের অর্থনৈতিক সমৃদ্ধিতে তাঁর অবদানের প্রশংসা করেছিলেন ইব্রাহিম। মোদির পর বিরোধী নেতার সঙ্গে এই সাক্ষাৎকে কূটনৈতিক মহলে ‘বিরোধী কূটনীতি’ হিসেবেই দেখা হচ্ছে।
