HIGH ALERT : ফের ধেয়ে আসবে প্রলয়ঙ্করী জলরাশি? বড় সতর্কতা জারি
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- এক বিপর্যয় কাটতে না কাটতেই আরও বড় বিপদের আশঙ্কা নেপালে (HIGH ALERT) । তিব্বত-চীন সীমান্তে উপচে পড়ছে ব্যারিয়ার লেক, ৭২ ঘণ্টার মধ্যে ভেঙে যেতে পারে বাঁধ। হাই অ্যালার্ট জারি করল চীন, আতঙ্কে নেপাল প্রশাসন।
নেপাল পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত জলপ্রলয়ে মৃত ৩৮৯, নিখোঁজ প্রায় দেড় হাজার (HIGH ALERT) । নিখোঁজদের মধ্যে ৩০০-র বেশি ভারতীয়, যার মধ্যে বাংলারই ৩২ জন। বিদ্যুৎ নেই, তীব্র পানীয় জলের সংকট, কাদার নিচে জাতীয় সড়ক, ভেঙেছে একাধিক সেতু।
এর মধ্যেই ভয়ঙ্কর বার্তা দিচ্ছে চীন। চীনের দাবি, নেপালের Chhochen Khola এবং Purepu Tsangpo নদীর সঙ্গমস্থলের কাছে তৈরি হয়েছে একটি বিশাল কৃত্রিম হ্রদ। ২৭ অগাস্ট সকালেই সেখানে প্রায় ২ মিলিয়ন ঘনমিটার জল জমে গিয়েছিল। ইতিমধ্যেই জল উপচে পড়ছে। আগামী তিন দিনে আরও প্রায় ৩ মিলিয়ন ঘনমিটার জল ঢুকতে পারে (HIGH ALERT)। ফলে বাঁধ ভেঙে দ্বিতীয় দফায় আরও ভয়াবহ জলোচ্ছ্বাস নামতে পারে।
আন্তর্জাতিক পর্বত গবেষণা সংস্থা ICIMOD এবং নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষও একই সতর্কতা দিয়েছে। বুধবার সকালে তিব্বতের হিমতাল জলাধার ফেটে ভোটেকোশী নদী দিয়ে যে জল-কাদা-পাথরের স্রোত নেমেছিল, তাতেই ভেসে যায় গ্রামের পর গ্রাম। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ভোটেকোশী ও ত্রিশূলী নদীর তীরবর্তী এলাকা।
পরিস্থিতি সামাল দিতে স্নিফার ডগ থেকে ড্রোন, সব নামিয়ে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালাচ্ছে নেপাল। ভারতীয় দূতাবাস হেল্পলাইন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগ চালু রেখেছে। কিন্তু দ্বিতীয় দফার জলপ্রলয়ের আশঙ্কায় এখন গোটা নেপাল জুড়ে হাহাকার।
