আজকের দিনেবাংলার আয়না

HOOGHLY : কোদালিয়ায় ভাড়াবাড়িতে রহস্যজনক ঘটনা, বন্ধ ঘর থেকে উদ্ধার পিসি-ভাইপো

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- চুঁচুড়ার দক্ষিণ শিমলায় বন্ধ ঘর থেকে পিসি ও ভাইপোকে অচৈতন্য অবস্থায় উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য (HOOGHLY)। কোদালিয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ওই এলাকায় শুক্রবার সকালে ঘরের জানলা কেটে দুজনকে উদ্ধার করে পুলিশ। হাসপাতালে নিয়ে গেলে পিসি সরস্বতী ঘোষকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা, ভাইপো সমীর ঘোষের চিকিৎসা চলছে ইমামবাড়া সদর হাসপাতালে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত প্রায় আড়াই বছর ধরে দক্ষিণ শিমলার একটি ভাড়া বাড়িতে থাকতেন পিসি সরস্বতী ঘোষ ও ভাইপো সমীর ঘোষ (HOOGHLY) । এর আগে তাঁরা চন্দননগরের তালপুকুর ধারের একটি আবাসনে থাকতেন। স্থানীয়দের দাবি, তাঁদের খুব একটা আত্মীয়-পরিজনদের সঙ্গে যোগাযোগ ছিল না।

বাড়ির মালিকের দাবি, বৃহস্পতিবার পর্যন্ত দুজনকেই স্বাভাবিক অবস্থায় দেখা গিয়েছিল। কিন্তু শুক্রবার সকালে দীর্ঘক্ষণ দরজা বন্ধ থাকায় সন্দেহ হয়। ডাকাডাকি করেও কোনও সাড়া না পেয়ে এবং দুজনের মোবাইল ফোন সুইচড অফ থাকায় বাড়ির পিছনের জানলা দিয়ে উঁকি দেন স্থানীয়রা। তখনই দুজনকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। (HOOGHLY)

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জানলা কেটে ঘরে ঢোকে এবং দরজা খুলে দুজনকে উদ্ধার করে দ্রুত ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সরস্বতী ঘোষকে মৃত ঘোষণা করেন। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

কী কারণে বন্ধ ঘরের ভিতরে এই ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। এটি দুর্ঘটনা, অসুস্থতা নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট ও ভাইপো সমীর ঘোষের শারীরিক অবস্থার উন্নতি হলে ঘটনার আসল কারণ সামনে আসবে বলে মনে করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *