বাংলার আয়নাআজকের দিনে

SUVENDU ADHIKARI : “ছেড়েছিলেন মমতার সঙ্গ, কেউ ব্ল্যাকমেল করতে পারে” – আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে তদন্তের আশ্বাস শুভেন্দুর

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- রবিবার সকালে নিজের বাড়ি লাগোয়া পার্টি অফিস থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হলেন প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়। ঘটনার পর নবান্নে সাংবাদিক বৈঠক করে তদন্তের আশ্বাস দিলেন শুভেন্দু অধিকারী (SUVENDU ADHIKARI) । তাঁর দাবি, তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে সরব হওয়ায় আশিসকে ব্ল্যাকমেল করা হতে পারে।

নবান্নে শুভেন্দু বলেন, “ভোটের পর অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়। ছেড়েছিলেন মমতার সঙ্গ। তাঁর তৈরি করা কমিটি থেকেও রিজাইন করেছিলেন। তৃণমূলের দুর্নীতিগ্রস্তরা তাঁকে ভয় দেখিয়ে থাকতে পারে। কেউ ব্ল্যাকমেল করে থাকতে পারে।” (SUVENDU ADHIKARI)

প্রাক্তন মন্ত্রীর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কথা জানিয়ে তিনি বলেন, “সকালেই জেনেছি। অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক ঘটনা। আমার সঙ্গে ভালো সম্পর্ক ছিল। অনেকদিন ধরে একসঙ্গে কাজ করেছি। ময়নাতদন্ত যাতে শুষ্ঠুভাবে হয় তার জন্য পুলিশ, জেলাশাসককে নির্দেশ দিয়েছি। তাঁর সুইসাইড নোট, মোবাইল ফোন খতিয়ে দেখা হবে।” (SUVENDU ADHIKARI)

শুভেন্দু জানান, সাংসদ অসিত মাল তাঁকে ফোন করে বলেন পরিবারের সদস্যরা কথা বলতে চান। এরপর ভিডিও কলে পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। পরিবার জানায়, বিজেপি নেতাকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক ছিল আশিসের। বিজেপি বিধায়ক ধ্রুব সাহা তাঁর বাড়িতে গিয়ে পায়ে হাত দিয়ে আশীর্বাদ নিয়েছেন। আশিসের বিরুদ্ধে কোনও এফআইআর ছিল না, পুলিশ কখনও তাঁকে থানায় পর্যন্ত ডাকেনি।

শুভেন্দুর কথায়, “একজন শিক্ষাবিদ, সজ্জন রাজনীতিবিদ, সৎ মানুষ ছিলেন। তবে তিনি যাঁদের সঙ্গে রাজনীতি করতেন তাঁদের ব্যাপারে বলতে পারব না।”

সূত্রের খবর, টিআরডিএ অর্থাৎ তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের দুর্নীতিতে আশিসের নাম জড়িয়েছিল। এই অপমান সহ্য করতে পারেননি তিনি। অবসাদে ভুগছিলেন বলেই মনে করা হচ্ছে। সুইসাইড নোটে আশিস লেখেন, তাঁকে ‘ম্যালাইন’ করা হয়েছে।

একজন সৎ ও প্রবীণ রাজনীতিবিদের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিক মহল। সুইসাইড নোট ও ফোনের তথ্য খতিয়ে দেখার পরই স্পষ্ট হবে মৃত্যুর আসল কারণ। এই ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *