আজকের দিনেবাংলার আয়না

ASISH BANARJEE : রাত ১২টা পর্যন্ত ভাইয়ের সঙ্গে আড্ডা, সকালে ঝুলন্ত দেহ! রহস্য ঘিরে রামপুরহাটের প্রাক্তন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, বীরভূম :- স্বাধীনতা দিবসের পরের দিনই বীরভূমে চাঞ্চল্য। রামপুরহাটের তৃণমূলের দলীয় কার্যালয় থেকে উদ্ধার হল রাজ্যের প্রাক্তন কৃষিমন্ত্রী ও বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ (ASISH BANARJEE) । পরিবারের দাবি, মৃত্যুর আগের রাত ১২টা পর্যন্ত ভাইয়ের সঙ্গে স্বাভাবিকভাবেই গল্প করেছেন তিনি। কার্যালয় থেকে একটি হাতে লেখা ‘সুইসাইড নোট’ও উদ্ধার করেছে পুলিশ।

শনিবার রাতে প্রতিদিনের মতোই ভাই প্রশান্ত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আড্ডা দেন আশিস (ASISH BANARJEE)। তারপর খাওয়ার জন্য ঘরের দরজা বন্ধ করে দেন। রবিবার সকালে ওই কার্যালয়ের ভিতর থেকেই তাঁর দেহ উদ্ধার হয়।

ভাই প্রশান্ত বলেন, “রাতে যতক্ষণ কথা বললাম, এক মুহূর্তের জন্যও বুঝতে পারিনি এমন কিছু ঘটবে। সকালে খবর শুনে বিশ্বাসই করতে পারছি না।”

স্থানীয় বাসিন্দাদের দাবি, ১৫ আগস্ট পতাকা উত্তোলনও করেছিলেন আশিস (ASISH BANARJEE)। তাঁদের কথায়, “কাল সন্ধ্যাতেও অফিসে বসেছিলেন। অনেকে অপমান করছিল। বাড়ির অশান্তি নয়, আত্মসম্মানে ঘা লেগেই হয়তো এই সিদ্ধান্ত।”

দীর্ঘদিন শিক্ষকতা করা আশিস পাঁচবারের বিধায়ক, রাজ্যের মন্ত্রী এবং ডেপুটি স্পিকারের দায়িত্ব সামলেছেন। তৃণমূল আমলেও তাঁর বিরুদ্ধে কোনও দুর্নীতির অভিযোগ ছিল না। বিধানসভা ভোটে তিনি হেরে যান বিজেপির ধ্রুব সাহার কাছে।

এই মৃত্যুতে রাজনৈতিক মহলেও চর্চা শুরু হয়েছে। কালীঘাট তৃণমূলের নেতা কুণাল ঘোষ বলেন, “সামাজিক কলঙ্কের ভয় মেনে নিতে পারেননি। নিরপেক্ষ তদন্ত চাই।”
২০২৬ এর বিধানসভা নির্বাচনে যার কাছে আসিস বন্দ্যোপাধ্যায় হেরে গিয়েছিলেন সেই ধ্রুব সাহা বলেন, “দিনকয়েক আগেই দেখা হয়েছিল। এমনটা তিনি করবেন তখন মনে হয়নি । পিছনে অনেক কারণ আছে বলে মনে করছি।” স্থানীয় নেতৃত্বের কথায়, “আমরা অভিভাবক হারালাম।”

প্রাথমিকভাবে পুলিশের অনুমান আত্মহত্যা। তবে সুইসাইড নোটের বিষয়বস্তু এবং মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখছে তদন্তকারীরা। পরিচ্ছন্ন ভাবমূর্তির এই প্রবীণ নেতার আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ রামপুরহাট এবং গোটা বীরভূম জেলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *