আজকের দিনেখেলাবিশ্বভারত

Corruption In Kerala : মেসির কেরল সফরে ১২৬ কোটি টাকার দুর্নীতি! তদন্তে অভিযুক্ত উদ্যোক্তা সংস্থা RBC !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- লিয়োনেল মেসি-আর্জেন্টিনার কেরল সফর ঘিরে তুমুল বিতর্ক। উদ্যোক্তা সংস্থা RBC দাবি করেছিল সফরের জন্য AFA-কে আগাম ১২৬ কোটি টাকা দেওয়া হয়েছে। কিন্তু প্রাথমিক তদন্তে একটিও টাকা পাঠানোর প্রমাণ মেলেনি। নেই কোনও চুক্তি, নেই অনুমোদন। গোটা বিষয়টিকেই ‘ভাঁওতা’ বলছে কেরল সরকারের রিপোর্ট।

কেরল ক্রীড়া দফতরের বিশেষ সচিব এন প্রশান্তের প্রাথমিক তদন্ত রিপোর্টে উঠে এসেছে বড়সড় আর্থিক গরমিলের অভিযোগ। সফরের মূল উদ্যোক্তা রিপোর্টার ব্রডকাস্টিং কোম্পানি RBC-র বিরুদ্ধে অভিযোগ, তারা সরকারকে বলেছিল AFA-কে ১২৬ কোটি টাকা পাঠানো হয়েছে। কিন্তু টাকা পাঠানোর নথি, AFA-র প্রাপ্তি স্বীকার, এমনকি মেসি-আর্জেন্টিনার সঙ্গে কোনও চুক্তিপত্রও দেখাতে পারেনি RBC।

আরও অসঙ্গতি:
1. চুক্তি নেই: RBC-র সঙ্গে AFA, RBC-র সঙ্গে কেরল সরকার, বা AFA-র সঙ্গে কেরল সরকার — কোনও পক্ষেরই লিখিত চুক্তি বা সম্মতিপত্র পাওয়া যায়নি।
2. সন্দেহজনক লেনদেন: আমেরিকার একটি সংস্থার মাধ্যমে বিদেশে টাকা পাঠানোর অনুমতি নিয়েছিল RBC। কিন্তু সেই সংস্থার মাধ্যমেই টাকা পাঠানোর প্রমাণ নেই। উলটে ওই মার্কিন সংস্থার বিরুদ্ধে আমেরিকাতেই আর্থিক নয়ছয়ের তদন্ত চলছে।
3. নিয়মভঙ্গ: বেসরকারি স্পনসর নির্বাচন, সরকারি পরিকাঠামো ব্যবহার — সবই অনুমতি ছাড়া করা হয়েছে বলে অভিযোগ।

রিপোর্টে বিশেষ সচিব জানিয়েছেন, গোটা বিষয়টির ‘রন্ধ্রে রন্ধ্রে অস্বচ্ছতা’ রয়েছে। মানুষের মধ্যে মেসির সফর নিয়ে উন্মাদনা তৈরি করা হলেও, বৈধ অনুমোদন ছিল না কোনও পক্ষেরই। তিনি বিষয়টি ভিজিল্যান্স বিভাগ এবং কেন্দ্রীয় সংস্থা দিয়ে তদন্ত করানোর সুপারিশ করেছেন। রিপোর্ট ইতিমধ্যেই পৌঁছেছে কেরলের মুখ্যমন্ত্রীর দফতরে।

মেসিকে দেখার স্বপ্ন দেখিয়েছিল RBC। কিন্তু ১২৬ কোটির হিসেব না মেলায় সেই সফর এখন অনিশ্চিত। প্রাথমিক তদন্তে দুর্নীতি ও বিদেশে টাকা পাচারের গন্ধ পেয়েছে কেরল সরকার। এবার ভিজিল্যান্স ও কেন্দ্রীয় তদন্তেই স্পষ্ট হবে, মেসির কেরল সফর সত্যি ছিল নাকি ১২৬ কোটির বড় জালিয়াতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *