Major Announcement : বাংলোর মতো এসি ফ্ল্যাট! প্রত্যন্ত এলাকায় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের জন্য মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা !
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- প্রান্তিক এলাকায় চিকিৎসক পাওয়া যায় না — কারণ থাকার জায়গা নেই। জরাজীর্ণ কোয়ার্টার, বর্ষায় জল ঢোকা, সাপের উপদ্রব। এই বাস্তবতা বদলাতে উদ্যোগী রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার গ্রাম-দুর্গম এলাকার চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্য তৈরি হবে ‘বাংলোর মতো এসি ফ্ল্যাট’।
স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় সরেজমিনে ঘুরে দেখেছেন রাজ্যের প্রত্যন্ত স্বাস্থ্যকেন্দ্রগুলির অবস্থা। অনেক জায়গায় জল পেরিয়ে যেতে হয়, ঠিকঠাক আবাসন নেই, বর্ষায় ছাদ চুইয়ে জল পড়ে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের এই করুণ অবস্থার কথা তিনি জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে।
তারপরই মুখ্যমন্ত্রীর নির্দেশ — প্রত্যন্ত ও দুর্গম এলাকায় কর্মরত চিকিৎসক, নার্সিং স্টাফ ও স্বাস্থ্যকর্মীদের জন্য উপযুক্ত থাকার বন্দোবস্ত করতে হবে। সেই মতো রাজ্যের ৩৪১টি ব্লকে তৈরি হবে শীতাতপ নিয়ন্ত্রিত দু’কামরার ফ্ল্যাট। স্বাস্থ্যমন্ত্রীর কথায়, “বাংলোর মতো এসি ফ্ল্যাট” করে দেওয়া হবে যাতে তাঁরা সম্মানের সঙ্গে থাকতে পারেন।
শুধু আবাসনই নয়, স্বাস্থ্য পরিকাঠামোতেও জোর দিচ্ছে সরকার। স্বাস্থ্যমন্ত্রী জানান, রাজ্যের সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলিতে নতুন ১৫টি ক্যাথ ল্যাব তৈরি হবে। পাশাপাশি বসানো হবে নতুন ইসিজি মেশিনও। স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়ন ও পরিষেবা শক্তিশালী করতে ইতিমধ্যেই অর্থ বরাদ্দ করা হয়েছে।
শারদ্বতের বক্তব্য, “চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের জীবনযাত্রার মান ও নিরাপত্তা উন্নত করতে বদ্ধপরিকর সরকার।” কারণ আবাসন ঠিক না থাকলে প্রত্যন্ত এলাকায় কেউ থাকতে চান না, ফলে পরিষেবাও ভেঙে পড়ে।
গ্রামে ভালো চিকিৎসা পৌঁছে দিতে হলে আগে চিকিৎসককে রাখতে হবে। সেই ভাবনা থেকেই এসি ফ্ল্যাটের এই পরিকল্পনা। পরিকাঠামো, যন্ত্রপাতি আর আবাসন — তিন দিকেই জোর দিয়ে প্রত্যন্ত বাংলার স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে চাইছে রাজ্য সরকার।
