Cricket : চোটে কাবু টিম ইন্ডিয়া, শ্রীলঙ্কা সিরিজের আগেই মুরলিধরনের দেশের বড় ঘোষণা !
কিউ ইন্ডিয়া বাংলা, গল :- সফরের আগেই চোটের ধাক্কায় নাস্তানাবুদ ভারতীয় দল। জশপ্রীত বুমরাহ ছিটকে গিয়েছেন, শুভমান গিল অনুশীলনে চোট পেয়েছেন। হ্যামস্ট্রিংয়ের চোটে ওয়াশিংটন সুন্দর এবং পায়ের আঙুলের চোটে সাই সুদর্শনও প্রথম টেস্ট নিয়ে অনিশ্চিত। এই অবস্থার মধ্যেই ভারত-শ্রীলঙ্কা জোড়া টেস্ট নিয়ে বড় সিদ্ধান্ত নিল শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। যা শুনে খুশি হবেন ক্রিকেটপ্রেমীরা।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ এই সিরিজের আগেই শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড জানিয়ে দিল গল এবং কলম্বো, দুই ভেন্যুতেই দর্শকরা বিনা টিকিটে স্টেডিয়ামে বসে খেলা দেখার সুযোগ পাবেন। গ্যালারি ভরিয়ে বিশ্বমানের টেস্ট ক্রিকেটের উত্তেজনা ছড়িয়ে দেওয়াই লক্ষ্য আয়োজকদের।
শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে বলেছে, ‘ভারত ও শ্রীলঙ্কার আসন্ন টেস্ট সিরিজে আম-দর্শকরা সম্পূর্ণ বিনামূল্যে স্টেডিয়ামে বসে খেলা দেখতে পারবেন। এর ফলে ক্রিকেটপ্রেমীরা বিশ্বমানের টেস্ট ক্রিকেট উপভোগ করার সুযোগ পাবেন।’
ম্যাচের সূচি:
– প্রথম টেস্ট: ১৫-১৯ আগস্ট, গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। প্রবেশ ৪ নম্বর গেট দিয়ে।
– দ্বিতীয় টেস্ট: ২৩-২৭ আগস্ট, কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব। প্রবেশ ৩, ৪, ৫ ও ৭ নম্বর গেট দিয়ে।
শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড আরও জানিয়েছে, ‘ক্রিকেটপ্রেমী, উঠতি ক্রিকেটার, পরিবার এবং দেশের সমস্ত ক্রীড়াপ্রেমীদের আমরা এই উদ্যোগের সুযোগ নিয়ে ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের রোমাঞ্চ মাঠে বসে উপভোগ করার আহ্বান জানাচ্ছি।’
মাঠের বাইরের এই ঘোষণার পাশাপাশি মাঠের ভিতরে চাপে ভারত। শুক্রবার থেকে শ্রীলঙ্কা একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলছে টিম ইন্ডিয়া। সেই ম্যাচ থেকেই ছিটকে গিয়েছেন অধিনায়ক শুভমান গিল। প্রথম দিনেই শ্রীলঙ্কা একাদশ ৮ উইকেটে ৩৬৩ রান তুলে দাপট দেখিয়েছে। ভারতের হয়ে মানব সুথার, রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদব ২টি করে উইকেট পান।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বর্তমানে পঞ্চম স্থানে রয়েছে ভারত। ফাইনালে ওঠার দৌড়ে টিকে থাকতে এই সিরিজে ভালো ফল করতেই হবে গৌতম গম্ভীরের দলকে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ হারের হতাশা কাটিয়ে ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য শ্রীলঙ্কার। ২০১৭ সালে শেষবার শ্রীলঙ্কা সফরে গিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছিল ভারত, সেই স্মৃতি ফেরানোর মরিয়াও থাকবে ভারত।
একদিকে চোট-আঘাতে জর্জরিত ভারতীয় শিবির, অন্যদিকে মুরলিধরনের দেশের এই বিশেষ উদ্যোগে গ্যালারিতে বাড়তি উন্মাদনার সম্ভাবনা। টেস্ট ক্রিকেটকে নতুন করে জনপ্রিয় করতেই শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের এই পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পয়েন্ট টেবিলের সমীকরণ এবং সিরিজের গুরুত্বের কথা মাথায় রেখে বলাই যায়, মাঠের লড়াই যতটা কঠিন হবে, গ্যালারির সমর্থনও ততটাই বড় ফ্যাক্টর হয়ে উঠবে। শেষ পর্যন্ত চোট সামলে ভারত ঘুরে দাঁড়াতে পারে নাকি ঘরের মাঠের সুবিধা নিয়ে শ্রীলঙ্কা নতুন ইতিহাস গড়ে, সেটাই এখন দেখার।
