তিলোত্তমার বুকে চিনা ঐতিহ্য: লেক ক্লাবে মাতল ‘ড্রাগন বোট রেস’
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- কলকাতার বুকে এক টুকরো চিন! রবীন্দ্র সরোবরের লেক ক্লাবে এক অনন্য উৎসবের সাক্ষী থাকলেন শহরবাসী। দীর্ঘদিনের বিরতি কাটিয়ে ফের স্বমহিমায় ফিরল চিনের ২০০০ বছরেরও বেশি পুরনো ঐতিহ্যবাহী ‘ড্রাগন বোট রেস’। চিনা সংস্কৃতির এই বিশেষ অনুষ্ঠানে হাজির থেকে দুই দেশের সাংস্কৃতিক মেলবন্ধনের বার্তা দিলেন কলকাতায় নিযুক্ত চিনা দূতাবাসের কনসাল জেনারেল সু ওয়েই।
উচ্ছ্বাস ও রসনায় মেতে উঠল লেক ক্লাব: গত ১১ জুলাই, দুপুর ৩টেয় রবীন্দ্র সরোবরের জলে এই রেসের আয়োজন করা হয়েছিল। লেকের জলে ড্রাগন নৌকার এই প্রতিযোগিতা ছিল এককথায় চোখধাঁধানো। চিনা কনসাল জেনারেল ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিনা দূতাবাসের সমস্ত আধিকারিক এবং কলকাতায় বসবাসকারী চিনা নাগরিকরা। উৎসবের আমেজকে আরও বাড়িয়ে তুলতে আয়োজন করা হয়েছিল চিনের সুস্বাদু ঐতিহ্যবাহী খাবার ‘জংজি’র , যা বিশ্বজুড়ে ‘রাইস ডাম্পলিং’ নামেও পরিচিত।
ড্রাগন বোট রেসের ইতিহাস: এই ড্রাগন বোট রেস কিন্তু নতুন কোনও খেলা নয়, এর পেছনে রয়েছে সুদীর্ঘ ইতিহাস। এটি মূলত চিনের ঐতিহ্যবাহী ‘দুয়ানউ’ উৎসবের একটি প্রধান প্রতীক। চিনা কনসাল জেনারেল সু ওয়েই-এর মতে, এটি কেবল একটি সাধারণ খেলা নয়, বরং এটি একটি বৈশ্বিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং চিনের সমৃদ্ধ সংস্কৃতিকে জানার এক চমৎকার মাধ্যম।
এবারের প্রতিযোগিতায় মোট চারটি দল অংশ নিয়েছিল। প্রতিযোগীদের লড়াই এবং উৎসাহ দেখে অভিভূত কনসাল জেনারেল একেই আসল ‘ড্রাগন বোট স্পিরিট’ বলে আখ্যা দেন। সেই সঙ্গে আগামী দিনেও কলকাতার বুকে এই অনন্য চিনা ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
