আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

By-Elections : উপনির্বাচনের প্রস্তুতি শুরু বিজেপির, নন্দীগ্রামের দায়িত্বে জ্যোতির্ময়, রেজিনগরে প্রবাল !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি, তবুও নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভার উপনির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল বিজেপি। রাজ্য বিজেপির দুই প্রথম সারির নেতা জ্যোতির্ময় সিংহ মাহাতো ও প্রবাল রাহার কাঁধে ভোট পরিচালনার দায়িত্ব। চলতি সপ্তাহেই দুই কেন্দ্রে পৌঁছচ্ছেন তাঁরা।

এবারের বিধানসভা ভোটে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম ও ভবানীপুর দুই আসনেই জেতেন। ভবানীপুরের বিধায়ক হিসেবে মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ায় নন্দীগ্রাম আসনটি ফাঁকা হয়।
অন্যদিকে হুমায়ুন কবীরও রেজিনগর ও নওদা দুই আসনে জেতেন। নওদা রেখে রেজিনগর ছাড়ায় সেই আসনও ফাঁকা। হুমায়ুন ঘোষণা করেছেন, রেজিনগরে তাঁর ছেলে প্রার্থী হবেন।

অক্টোবরের গোড়ায় পুজোর আগেই উপনির্বাচন হতে পারে বলে বিজেপি মনে করছে। তাই আগেভাগেই সাংগঠনিক প্রস্তুতি শুরু।
নন্দীগ্রাম: দায়িত্ব পেয়েছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিংহ মাহাতো। তিনি শনিবার নন্দীগ্রাম যাচ্ছেন। টানা দু’বারের সাংসদ ও সঙ্ঘের ‘ঘরের ছেলে’ হিসেবে পরিচিত জ্যোতির্ময়কে দায়িত্ব দিয়ে আসনটিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বিজেপি।
রেজিনগর: দায়িত্বে রাজ্য সহ-সভাপতি প্রবাল রাহা। শুক্রবার তিনি বহরমপুর পৌঁছচ্ছেন। বুথ সশক্তিকরণ অভিযানের মূল কারিগর প্রবাল সাংগঠনিক কাজে অত্যন্ত দক্ষ।

রাজনৈতিক মহলের মতে নন্দীগ্রাম শুভেন্দুর খাসতালুক, তাই সেখানে জয় নিয়ে তেমন সংশয় নেই। কিন্তু রেজিনগর জনবিন্যাসের কারণে কঠিন। মুখ্যমন্ত্রী নিজে ওই আসন নিয়ে হুঙ্কার দেওয়ায় সেখানে সর্বশক্তি দিচ্ছে গেরুয়া শিবির।

উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই মাঠে নেমে বার্তা দিল বিজেপি। নন্দীগ্রাম ধরে রাখা এবং রেজিনগর ছিনিয়ে নেওয়া— দুটোকেই পাখির চোখ করেছে দল। জ্যোতির্ময় ও প্রবালের নেতৃত্বে আগামী দু’মাসই তাই দুই কেন্দ্রে তুঙ্গে থাকবে রাজনৈতিক লড়াই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *