আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়না

Metro Rail : ১৬ বছরের জট কাটল! ১৫৮৭ কোটির টেন্ডার, বরানগর থেকে বারাকপুর ছুটবে মেট্রো !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- ১৬ বছর ধরে আটকে থাকা স্বপ্ন এবার বাস্তবের পথে। বরানগর থেকে বারাকপুর পর্যন্ত বহু প্রতীক্ষিত পিঙ্ক লাইন মেট্রো করিডরের জন্য ১৫৮৭.৩৯ কোটি টাকার বিশাল টেন্ডার ডাকল রেল বিকাশ নিগম লিমিটেড। ডবল ইঞ্জিন সরকারের আমলে জট কেটে সাড়ে ৩ বছরের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য।

RVNL-এর ই-টেন্ডার অনুযায়ী বরানগর মেট্রো স্টেশন থেকে বারাকপুরের মঙ্গল পাণ্ডে স্টেশন পর্যন্ত মোট ১২.৩ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড করিডর তৈরি হবে। এর মধ্যে থাকবে ১টি এলিভেটেড ভায়াডাক্ট এবং ১০টি নতুন এলিভেটেড মেট্রো স্টেশন।

প্রস্তাবিত ১০টি নতুন স্টেশন হল:
কৃষ্ণ কলি-কামারহাটি, আচার্য প্রফুল্ল চন্দ্র-আগরপাড়া, গান্ধী আশ্রম-সোদপুর, শরৎ চন্দ্র-পানিহাটি, সুভাষ নগর-সুখচর, ঋষি বঙ্কিম-খড়দহ, ড. রাজেন্দ্র প্রসাদ-টাটা গেট, শাহ নওয়াজ খান-টিটাগড়, অনুকূল ঠাকুর-তালপুকুর, মঙ্গল পাণ্ডে-বারাকপুর।

প্রকল্পের আনুমানিক ব্যয় ১৫৮৭.৩৯ কোটি টাকা। সব কিছু পরিকল্পনামাফিক এগোলে আগামী সাড়ে ৩ বছরের মধ্যেই এই করিডরের কাজ শেষ করার টার্গেট নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০১০ সালে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের ঘোষণা করেছিলেন। ২০১১ সালে প্রায় ১০ শতাংশ কাজের পর তা কার্যত বন্ধ হয়ে যায়। এরপর প্রায় ১৬ বছর ধরে ফাইলেই আটকে ছিল বরানগর-বারাকপুর মেট্রো।

দীর্ঘ প্রতীক্ষার পর উত্তর ২৪ পরগনার লক্ষ মানুষের যাতায়াতের স্বপ্ন পূরণ হতে চলেছে। জট কেটে মেট্রোর কাজে গতি আসায় কামারহাটি থেকে বারাকপুর পর্যন্ত যোগাযোগে নতুন দিগন্ত খুলবে বলেই আশা নাগরিকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *