আজকের দিনেবিশ্বভারত

FIR Against Meta : মোদির ‘ভুয়ো’ ভিডিওতে ছয়লাপ ফেসবুক-ইনস্টাগ্রাম, মেটা ইন্ডিয়া প্রধানের বিরুদ্ধে এফআইআর !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- নেটদুনিয়ায় ঘুরছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একের পর এক ভুয়ো ভিডিও। কখনও ইস্তফাপত্র, কখনও বিতর্কিত বার্তা — সবই এআই দিয়ে তৈরি। এই ভুয়ো কন্টেন্টের বাড়বাড়ন্তের জেরে এবার মেটা ইন্ডিয়ার প্রধান অরুণ শ্রীনিবাসের বিরুদ্ধে এফআইআর দায়ের করল হায়দরাবাদ পুলিশের সাইবার ক্রাইম বিভাগ।

অভিযোগ, ফেসবুক এবং ইনস্টাগ্রামে প্রধানমন্ত্রীকে নিয়ে তৈরি এআই কন্টেন্টের সংখ্যা অস্বাভাবিকভাবে বাড়ছে। কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি এই ছবি বা ভিডিওর সত্যতা যাচাই করতে পারছেন না সাধারণ মানুষ। ফলে জনমানসে বিভ্রান্তি ছড়াচ্ছে।

হায়দরাবাদ পুলিশের সাইবার ক্রাইম বিভাগ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। এর আগে মেটার প্রতিনিধিদের তলব করে এআই কন্টেন্ট রোখার ব্যবস্থা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তার কয়েকদিন পরেই মেটা ইন্ডিয়া প্রধানের বিরুদ্ধে সরাসরি এফআইআর দায়ের হল।

পুলিশের দাবি, এই এআই কন্টেন্টের উৎস কোথায়, কারা কী কারণে আপলোড বা শেয়ার করছে — খতিয়ে দেখা হচ্ছে সবই। একইসঙ্গে মেটা আদৌ এই ভুয়ো কন্টেন্ট ছড়িয়ে পড়া রুখতে কার্যকর পদক্ষেপ নিচ্ছে কিনা তাও তদন্তের আওতায়।

প্রসঙ্গত, দিনকয়েক আগেই প্রধানমন্ত্রীর একটি বহুল জনপ্রিয় ভিডিও ভুল করে মুছে দিয়েছিল মেটা। সেই নিয়ে দেশজুড়ে প্রবল বিতর্ক হয় এবং বিজেপি নেতারা মেটাকে তুলোধোনা করেন। সূত্রের খবর, কেন্দ্রের তলবের পর ‘মুচলেকা’ দিয়েছে মেটা। ভুল স্বীকার করে তারা জানিয়েছে, প্রধানমন্ত্রী এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের পোস্ট যাতে উধাও না হয় তা নিশ্চিত করতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। শীঘ্রই মেটা কর্তারা সরকারি আধিকারিকদের সঙ্গেও বৈঠক করবেন।

এআই-এর যুগে ডিপফেক ভিডিও রোখা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সোশাল মিডিয়ার জন্য। প্রধানমন্ত্রীকে নিয়েই যখন ভুয়ো কন্টেন্ট ভাইরাল হচ্ছে, তখন মেটার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। আইনি জটিলতার মাঝে মেটা কীভাবে এই সমস্যার সমাধান করে সেটাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *