আজকের দিনেবাংলার আয়না

Cyber Awareness : বেলপাহাড়িতে বাল্যবিবাহ রোধ ও সাইবার সচেতনতায় পুলিশের বিশেষ শিবির, ছাত্রীদের বার্তা আইসির !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- বাল্যবিবাহ রুখতে এবং সাইবার প্রতারণা সম্পর্কে সচেতন করতে উদ্যোগ নিল বেলপাহাড়ি থানা। মঙ্গলবার বেলপাহাড়ি গার্লস হাই স্কুলের ছাত্রীদের নিয়ে সচেতনতামূলক শিবির করলেন থানার আইসি স্বরূপ মুখার্জি। আলোচনা হল ওমেন হেল্প ডেস্ক, ফ্রড কল ও অনলাইন ফ্রড নিয়েও।

ঝাড়গ্রাম জেলা পুলিশের বেলপাহাড়ি থানার উদ্যোগে এদিন স্কুলে আয়োজিত হয় এই বিশেষ সচেতনতামূলক কর্মসূচি। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বেলপাহাড়ি থানার আইসি স্বরূপ মুখার্জি।

শিবিরে তিনি ছাত্রীদের বর্তমান সময়ের সবচেয়ে বড় সমস্যা সাইবার অপরাধ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, “আজকাল ফোনে অচেনা নম্বর থেকে লোন, লটারি, কেওয়াইসি আপডেটের নামে ফোন আসছে। কোনও লিঙ্কে ক্লিক করতে বলছে বা ওটিপি চাইছে। এই ফাঁদে পা দিলেই সর্বনাশ।” তিনি ছাত্রীদের সতর্ক করেন, কোনও অবস্থাতেই অজানা ফোনকল, সন্দেহজনক লিঙ্ক বা ব্যাংকের ওটিপি কাউকে শেয়ার করা যাবে না। সোশ্যাল মিডিয়ায় অপরিচিত বন্ধুত্বের আবেদন গ্রহণ করার আগেও ভেবে দেখতে বলা হয়।

একই সঙ্গে আইসি বাল্যবিবাহের কুফল নিয়েও কথা বলেন। তিনি জানান, অল্প বয়সে বিয়ে হলে মেয়েদের পড়াশোনা বন্ধ হয়ে যায়, শারীরিক ও মানসিক সমস্যা দেখা দেয়। বাল্যবিবাহ সম্পূর্ণ বেআইনি। পাড়া-প্রতিবেশী বা আত্মীয়দের মধ্যে কোথাও বাল্যবিবাহের আয়োজন হলে তা পুলিশকে জানাতে হবে।

অনুষ্ঠানে ওমেন হেল্প ডেস্কের পরিষেবা নিয়েও আলোচনা হয়। আইসি ছাত্রীদের বলেন, বাড়িতে বা স্কুলে কোনও ধরনের অত্যাচার, হেনস্থা বা হুমকির শিকার হলে ভয় না পেয়ে সরাসরি পুলিশ বা ওমেন হেল্প ডেস্কের সঙ্গে যোগাযোগ করতে। জরুরি নম্বরগুলোও তাদের মুখস্থ করানো হয়।

শিবিরের শেষে ছাত্রীরা নিজেদের বিভিন্ন প্রশ্ন আইসির কাছে রাখে। প্রতিটি প্রশ্নের উত্তর ধৈর্য ধরে দেন তিনি। অনুষ্ঠান শেষে সব ছাত্রীদের হাতে চকলেট তুলে দিয়ে তাদের উৎসাহিত করা হয়।

“সচেতনতাই নিরাপত্তার প্রথম ধাপ” — এই বার্তা দিয়েই বেলপাহাড়ি থানার এই উদ্যোগ। পুলিশের এই সচেতনতা শিবির স্কুলের ছাত্রীদের মধ্যে যথেষ্ট সাড়া ফেলেছে। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, এধরনের কর্মসূচি ভবিষ্যতেও চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *