আজকের দিনেবাংলার আয়না

NIA : কাজের নামে শ্রমিকদের মধ্যপ্রাচ্যে পাচার! দুর্গাপুরে এনআইএ-র হাতে ধৃত গোলামের কীর্তি ফাঁস !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, দুর্গাপুর :- টায়ারের দোকান আর ট্রাভেল এজেন্সির আড়ালে চলছিল মানবপাচারের র‍্যাকেট। কাজের প্রতিশ্রুতি দিয়ে মধ্যপ্রাচ্যে ঠিকা শ্রমিক পাঠানোর নামে ভুয়ো পাসপোর্টও বানিয়ে দিত সে। সোমবার দুর্গাপুরের নিউ স্টিল পার্ক থেকে গোলাম জামা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল এনআইএ।

সোমবার সকাল থেকেই দুর্গাপুরের নিউ স্টিল পার্ক এলাকায় গোলামের বাড়িতে হানা দেয় এনআইএ-র টিম। প্রায় ৩ ঘণ্টা তল্লাশির পর গ্রেপ্তার করা হয় তাকে।

তদন্তে উঠে এসেছে, ছত্তিশগড়ের বাসিন্দা গোলাম প্রথমে টায়ারের দোকানে, পরে একটি পর্যটন সংস্থায় কাজ করত। সেখান থেকেই মধ্যপ্রাচ্যে শ্রমিক সরবরাহের চক্রে যুক্ত হয়। প্রায় ৪ বছর আগে দুর্গাপুরে এসে বিয়ে করে এখানেই থাকতে শুরু করে।

অভিযোগ, কাজ দেওয়ার নাম করে শ্রমিকদের মালয়েশিয়া ও সৌদি আরবে পাঠাত গোলাম। যাত্রা সহজ করতে তাদের জন্য ভুয়ো পাসপোর্টও তৈরি করত। প্রতিবেশীদের মতে গোলাম মাঝেমধ্যেই বিদেশ যেত, কিন্তু কী কারণে কেউ জানত না।

এদিন এনআইএ আধিকারিকরা গোলামের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করেন। স্বামী গ্রেপ্তার হওয়ার পর তিনি সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি।

মানবপাচারের এই চক্রে আরও কেউ জড়িত আছে কিনা খতিয়ে দেখছে এনআইএ। কাজের নামে প্রতারণা করে নিরীহ শ্রমিকদের বিদেশে পাচারের অভিযোগে গোলামকে আদালতে তোলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *