আসছে বিপত্তারিণী ব্রত: দেখে নিন পুজোর সময় ও নির্ঘণ্ট
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক: ‘বিপত্তারিণী’—নামের মধ্যেই লুকিয়ে রয়েছে দেবীর পরম করুণাময় সত্তা। পুরাণ মতে, যিনি ভক্তদের জীবনের সমস্ত বিপদ থেকে রক্ষা করেন, তিনিই সঙ্কটনাশিনী দেবী বিপত্তারিণী। দেবী দুর্গারই ১০৮টি অবতারের মধ্যে অন্যতম এই দেবী। কখনো দশভুজা আবার কখনো চতুর্ভুজা রূপে তিনি পূজিতা হন।
পৌরাণিক আখ্যান ও তাৎপর্য: পৌরাণিক কাহিনী অনুসারে, একবার দেবাদিদেব মহাদেব দেবী পার্বতীকে গায়ের রঙের কারণে ‘কালী’ বলে উপহাস করেছিলেন। দেবীর পরমাত্মা সেই উপহাসে ক্রুদ্ধ হয়ে কঠোর তপস্যা শুরু করেন। সেই তপস্যার প্রভাবেই তিনি নিজের কৃষ্ণবর্ণ রূপ ত্যাগ করেন এবং দেবী পার্বতীর দেহ থেকেই দেবী বিপত্তারিণীর উৎপত্তি হয়। ভক্তদের বিশ্বাস, দেবী বিপত্তারিণীর আরাধনা আসলে দেবী দুর্গারই আরাধনার সমান। সংসার থেকে অমঙ্গল দূর করতে এবং জীবনের জটিল বাধা-বিপত্তি কাটাতে এই ব্রতের গুরুত্ব অপরিসীম।
ব্রত পালনের সময়:
সাধারণত আষাঢ় মাসের রথযাত্রা ও উল্টোরথের মধ্যবর্তী সময়ে যে মঙ্গলবার ও শনিবার পড়ে, সেই দিনগুলিতে দেবী বিপত্তারিণীর ব্রত পালিত হয়। চলতি বছরে এই ব্রত পালনের নির্ঘণ্ট নিচে দেওয়া হলো:
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী:
-
১৮ জুলাই, শনিবার (১ শ্রাবণ): পঞ্চমী তিথি, রাত ৩টে ৪৩ মিনিট পর্যন্ত।
-
২১ জুলাই, মঙ্গলবার (৪ শ্রাবণ): অষ্টমী তিথি, অহোরাত্র।
গুপ্তপ্রেস পঞ্জিকা অনুযায়ী:
-
১৮ জুলাই, শনিবার (১ শ্রাবণ): সকাল ৮টা ৩৯ মিনিট ৩০ সেকেন্ড পর্যন্ত চতুর্থী, এরপর পঞ্চমী তিথি।
-
২১ জুলাই, মঙ্গলবার (৪ শ্রাবণ): সকাল ৭টা ১৯ মিনিট ২৪ সেকেন্ড পর্যন্ত সপ্তমী, এরপর অষ্টমী তিথি অহোরাত্র।
সারা বছরের সকল বিপদ থেকে মুক্তি পেতে এবং পারিবারিক মঙ্গলের কামনায় অসংখ্য ভক্ত প্রতি বছর নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করে থাকেন।
