আজকের দিনেখেলাবিশ্ব

FIFA Worldcup 26 : বেলিংহ্যামের জোড়া গোলে রূপকথার অবসান, পিছিয়ে থেকেও রুদ্ধশ্বাস জয়ে সেমিতে ইংল্যান্ড !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- মায়ামির মায়াবী রাতে থেমে গেল নরওয়ের রূপকথা। পিছিয়ে পড়েও জুড বেলিংহ্যামের জোড়া গোলে ভর করে অতিরিক্ত সময়ে ৩-১ গোলে আর্লিং হালান্ডদের হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড। সেমিতে প্রতিপক্ষ লিওনেল মেসির আর্জেন্টিনা।

রবিবার ভোরে ম্যাচের শুরু থেকেই টানটান উত্তেজনা। ২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই ইতিহাস গড়ছিল নরওয়ে। নকআউটে ব্রাজিলের মতো পাঁচবারের চ্যাম্পিয়নদের বিদায় করে কোয়ার্টারে পৌঁছায় তারা। সাত গোল করে দুরন্ত ফর্মে ছিলেন হালান্ড।

সেই আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামে নরওয়ে। ৩৬ মিনিটে আন্দ্রেয়াস শেলদেরুপের গোলে এগিয়ে যায় তারা। মায়ামির গ্যালারিতে তখন উৎসব। ইংরেজ শিবিরে চাপ। মনে হচ্ছিল বিশ্বকাপে ফের এক অঘটন ঘটতে চলেছে।

কিন্তু হার মানেননি জুড বেলিংহ্যাম। প্রথমার্ধের সংযুক্ত সময়ে গোল করে সমতা ফেরান তিনি। দ্বিতীয়ার্ধে আর গোল হয়নি। নির্ধারিত ৯০ মিনিট ১-১ শেষ হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

সেখানেই নিজের এবং দলের দ্বিতীয় গোল করেন বেলিংহ্যাম। বিশ্বকাপে ইংল্যান্ডের জার্সিতে তার গোলসংখ্যা হল ৭। ২৩ বছরের কম বয়সে বিশ্বকাপে তার চেয়ে বেশি গোল শুধু এমবাপের। সাত গোল করে পেলেকেও ছুঁয়ে ফেললেন তিনি। মেক্সিকো ও নরওয়ের বিরুদ্ধে পরপর দুই নকআউট ম্যাচে জোড়া গোল করে ১৯৮৬ সালে মারাদোনার পর প্রথম ফুটবলার হলেন বেলিংহ্যাম।

অন্যদিকে গোটা টুর্নামেন্টে দুরন্ত থাকা হালান্ডকে কোয়ার্টারে খুঁজেই পাওয়া গেল না। অতিরিক্ত সময়ে তাকে তুলেও নেন নরওয়ের কোচ। শেষ পর্যন্ত হতাশ হয়েই মাঠ ছাড়ে ভাইকিংরা।

নরওয়ের স্বপ্নের দৌড় এখানেই শেষ। আর বেলিংহ্যামের নেতৃত্বে নতুন উদ্যমে সেমির দিকে ইংল্যান্ড। বিশ্বকাপ জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখতে এবার তাদের সামনে কঠিনতম বাধা – মেসির আর্জেন্টিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *