ENGLAND VS MEXICO : আজতেকার দুর্গ ভাঙল! ১০ জন নিয়েও মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টারে ইংল্যান্ড
কিউ ইন্ডিয়া বাংলা, আজতেকা:- বিশ্বকাপের সেরা ম্যাচ উপহার দিল ইংল্যান্ড-মেক্সিকো (ENGLAND VS MEXICO )। ৫ গোল, ২ পেনাল্টি, ১ লাল কার্ড আর শেষ পর্যন্ত ১০ জনে লড়ে জয়। আজতেকা স্টেডিয়ামে প্রথমবার হারল মেক্সিকো, আর সেই ম্যাচেই কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল থ্রি লায়ন্স।
সমুদ্রপৃষ্ঠ থেকে ৭৫০ ফুট উঁচু আজতেকায় নামার আগেই চাপ ছিল ইংল্যান্ডের ঘাড়ে। এই মাঠে আগে কখনও মেক্সিকোকে হারাতে পারেনি তারা। ৮০ হাজার দর্শকের চিৎকার, ঝড়ের জন্য এক ঘণ্টা দেরিতে শুরু। কিন্তু টমাস টুখেলের ছেলেরা ভয় পায়নি। উল্টে ৩৬ মিনিটে পিকফোর্ড-রাইস-সাকার দুরন্ত কাউন্টারে শরীর ছুড়ে হেডে গোল করেন জুড বেলিংহ্যাম। ৯৮ সেকেন্ড পর ফের ডিফেন্সের নজর হ্যারি কেনের দিকে থাকার সুযোগ নিয়ে একইভাবে গোল করে ব্যবধান ২-০ করেন তিনি। ২ গোল খেয়ে জেগে ওঠে মেক্সিকো। ৪০ মিনিটে কুইনোনেসের গোলে ব্যবধান কমায় আয়োজকরা। (ENGLAND VS MEXICO )বিরতির পর ম্যাচের উত্তাপ আরও বাড়ে। ৫৪ মিনিটে জ্যারেল কুয়ানশা লাল কার্ড দেখলে ১০ জনে নেমে যায় ইংল্যান্ড। তখনই ম্যাচে ফেরার সবচেয়ে বড় সুযোগ ছিল মেক্সিকোর সামনে। কিন্তু ৬০ মিনিটে পেনাল্টি থেকে ৩-১ করেন হ্যারি কেন। ৬৯ মিনিটে রাউল জিমেনেজ পেনাল্টিতে ২-৩ করলেও শেষ ২০ মিনিটে আর গোল করতে দেয়নি ইংল্যান্ড। জর্ডন পিকফোর্ডের একাধিক সুপার সেভ, টুখেলের সময় মতো স্টোনস-বার্ন-স্পেন্সকে নামানো এবং বেলিংহ্যামের রক্ষণে নেমে আসা – সব মিলিয়ে ম্যাচ বের করে নেয় থ্রি লায়ন্স। নজর কেড়েছেন অ্যান্থনি গর্ডনও।
ইতিহাস গড়ে আজতেকা জয় করল ইংল্যান্ড। নাটক, উত্তেজনা, লড়াই – সব ছিল এই ম্যাচে। বেলিংহ্যামের জোড়া গোলে ভর করে এবার কোয়ার্টারে ব্রাজিলকে হারানো নরওয়ের মুখোমুখি হবে টুখেলের দল।
