Football : শুরুতেই ডার্বি ধামাকা! ২৫ জুলাই যুবভারতীতে মোহনবাগান-ইস্টবেঙ্গল মহারণ, ঘোষিত ডুরান্ডের পূর্ণাঙ্গ সূচি !
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- ডুরান্ড কাপের দামামা বেজে গেল। আর শুরুতেই বড় চমক। ঘোষিত হল ১৩৫তম ডুরান্ড কাপ 2026-এর পূর্ণাঙ্গ সূচি। টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই মরশুমের প্রথম কলকাতা ডার্বি। ফুটবলপ্রেমীদের জন্য এর চেয়ে ভালো শুরু আর কী হতে পারে।
এবারের ডুরান্ডে সবচেয়ে বড় আকর্ষণ ‘এ’ গ্রুপ। একই গ্রুপে পড়েছে কলকাতার দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান ও ইস্টবেঙ্গল। ২৫ জুলাই, শুক্রবার, বিকেল ৫টায় যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে দুই প্রধান। গত মরশুমের সব হিসেব-নিকেশের শুরুটা হবে এখান থেকেই। এই গ্রুপের বাকি দুই দল হল সিআইএসএফ প্রোটেক্টরস ও সাউথ ইউনাইটেড এফসি।
ডার্বির পর মোহনবাগানের লড়াই আরও দুটি। ৪ আগস্ট, সোমবার, সন্ধ্যা ৭টায় যুবভারতীতেই তারা খেলবে সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে। গ্রুপের শেষ ম্যাচে ১০ আগস্ট, রবিবার, বিকেল ৪টায় কিশোর ভারতী স্টেডিয়ামে প্রতিপক্ষ সিআইএসএফ প্রোটেক্টরস। গ্রুপ চ্যাম্পিয়ন হতে গেলে ডার্বি সহ তিনটি ম্যাচই গুরুত্বপূর্ণ সবুজ-মেরুন ব্রিগেডের কাছে।
অন্যদিকে ইস্টবেঙ্গলের দ্বিতীয় ম্যাচ ৩১ জুলাই, বৃহস্পতিবার, সন্ধ্যা ৭:৩০টায় কিশোর ভারতীতে। প্রতিপক্ষ সিআইএসএফ প্রোটেক্টরস। লাল-হলুদের শেষ গ্রুপ ম্যাচ ৭ আগস্ট, বৃহস্পতিবার, সন্ধ্যা ৭টায় যুবভারতীতে সাউথ ইউনাইটেডের সাথে।
কলকাতার আরেক প্রধান মহামেডান স্পোর্টিং রয়েছে ‘বি’ গ্রুপে। সাদা-কালো ব্রিগেডের প্রথম ম্যাচ ২৭ জুলাই, রবিবার, সন্ধ্যা ৭টায় কিশোর ভারতীতে বাঘপত এফসি-র বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচ ২ আগস্ট, শনিবার, বিকেল ৪টেয় যুবভারতীতে সমলেশ্বরী স্পোর্টিং-এর সাথে। গ্রুপের শেষ ম্যাচ ১২ আগস্ট, মঙ্গলবার, সন্ধ্যা ৭টায় কিশোর ভারতীতে ভারতীয় আর্মির বিরুদ্ধে।
এবারের টুর্নামেন্টে মোট ২৪টি দল ৬টি গ্রুপে ভাগ হয়ে লড়বে। খেলা হবে পাঁচ শহরে – কলকাতা, রাঁচি, গুয়াহাটি, ইম্ফল ও শিলং। নিয়ম অনুযায়ী ৬টি গ্রুপ চ্যাম্পিয়ন সরাসরি কোয়ার্টার ফাইনালে যাবে। এছাড়া ছয় গ্রুপের রানার্স আপদের মধ্যে পয়েন্টের বিচারে সেরা দুটি দলও শেষ আটে জায়গা পাবে।
নক-আউট পর্বের বড় অংশই হবে কলকাতায়। ১৬ আগস্ট সন্ধ্যা ৭টা ও ১৭ আগস্ট বিকেল ৪টেয় দুটি কোয়ার্টার ফাইনাল। দুটি সেমিফাইনালের একটি হবে ১৯ আগস্ট সন্ধ্যা ৭টায় যুবভারতীতে। মেগা ফাইনাল ২৩ আগস্ট যুবভারতী ক্রীড়াঙ্গনেই, যদিও সময় এখনও চূড়ান্ত হয়নি।
ডুরান্ড কাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে সোনি স্পোর্টস নেটওয়ার্ক। ২৫ জুলাই ডার্বি দিয়ে শুরু হয়ে ২৩ আগস্ট ফাইনাল পর্যন্ত এক মাসের এই ফুটবল উৎসবে কার হাতে উঠবে ১৩৫তম ডুরান্ডের ট্রফি, সেটাই এখন দেখার।
