শর্তসাপেক্ষে এনআইএ আদালতে জামিন পেলেন তৃণমূল কাউন্সিলর সাকির আলি
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা: গ্রেপ্তারির মাত্র তিন দিনের মাথায় স্বস্তি পেলেন রিষড়া পুরসভার তৃণমূল কাউন্সিলর তথা প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী সাকির আলি। ২০২৩ সালের রামনবমীর দিন সাম্প্রদায়িক অশান্তিতে উসকানি দেওয়ার মামলায় শুক্রবার এনআইএ বিশেষ আদালত তাঁর শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেছে। শারীরিক অসুস্থতা এবং তদন্তে সহযোগিতার বিষয়টি বিবেচনা করেই আদালত এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
জামিনের কড়া শর্তাবলী
আদালত সাকির আলির জামিন মঞ্জুর করলেও তাঁর ওপর বেশ কিছু কড়া নিষেধাজ্ঞা জারি করেছে। শর্ত অনুযায়ী:
তদন্তের স্বার্থে প্রতি ১৫ দিন অন্তর সাকির আলিকে এনআইএ অফিসে হাজিরা দিতে হবে।
আদালতের আগাম অনুমতি ছাড়া তিনি কোনোভাবেই রাজ্যের বাইরে যেতে পারবেন না।
গ্রেপ্তারির প্রেক্ষাপট ও জনরোষ
গত মঙ্গলবার রিষড়ার গান্ধী সড়কে সাকির আলির বাড়িতে হানা দিয়ে তাঁকে গ্রেপ্তার করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এনআইএ-র অভিযোগ ছিল, ২০২৩ সালের রামনবমীর অশান্তির সময় তিনি লাগাতার উসকানি দিয়েছিলেন। তবে সাকির আলিকে যখন গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন স্থানীয় বাসিন্দাদের ব্যাপক ক্ষোভ ও জনরোষের মুখে পড়েন তদন্তকারীরা। স্থানীয়দের দাবি ছিল, সাকির আলির বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তিনি অশান্তি ছড়াননি, বরং নিজের এলাকাকে বুঝিয়ে শান্ত রেখেছিলেন এবং দাঙ্গার হাত থেকে প্রতিবেশীদের বাঁচিয়েছিলেন।
গ্রেপ্তারির পর প্রথমবার জামিনের আবেদন খারিজ হলেও, শুক্রবার সাকির আলির শারীরিক অবস্থার কথা বিবেচনা করে আদালত জামিন দেয়। সাকির আলির আইনজীবী সংবাদমাধ্যমকে জানান,
”ওঁর ক্যানসার হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে এবং সেই সংক্রান্ত চিকিৎসা চলছে। নিয়মিত বেশ কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করাতে হয়। এছাড়া শরীরে অক্সিজেন চলাচলেও সমস্যা রয়েছে। এর পাশাপাশি, এনআইএ এর আগে তাঁকে দু’বার ডেকেছিল এবং তিনি হাজিরা দিয়ে তদন্তে পূর্ণ সহযোগিতা করেছেন। এই সমস্ত দিক খতিয়ে দেখেই বিচারক আজ জামিন মঞ্জুর করেছেন।”
আইনজীবী আরও জানান যে, জামিনের সমস্ত আইনি কাগজপত্র প্রস্তুত রয়েছে। প্রক্রিয়া সম্পন্ন হলেই দ্রুত সাকির আলিকে জেল থেকে বাড়ি ফিরিয়ে আনা সম্ভব হবে। এই জামিনের খবরে স্বস্তিতে সাকির আলির পরিবার ও রিষড়ার অনুগামীরা।
