রক্ষণাত্মক খেলে ভুল করেননি, সাফাই কোয়েমানের; বিদায়ের পরেও অনড় ডাচ কোচ
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও নিজের রণকৌশল নিয়ে একচুলও সরছেন না নেদারল্যান্ডস কোচ রোনাল্ড কোয়েমান। মরক্কোর কাছে টাইব্রেকারে হারের পর অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবলের সমালোচনা উড়িয়ে দিলেন তিনি।
মঙ্গলবার শেষ ষোলোর ম্যাচে মরক্কোর কাছে টাইব্রেকারে ৪-২ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় নেদারল্যান্ডস। ম্যাচের পর সাংবাদিক বৈঠকে কোয়েমানের কৌশল নিয়ে প্রশ্ন ওঠে। অতিরিক্ত রক্ষণাত্মক খেলার জন্যই কি হার? মরক্কোকে ভয় পেয়েছিলেন? জবাবে কোয়েমান বলেন, ‘একদমই না। কোনও ভীতি কাজ করেনি। ওদের শক্তি বিশ্লেষণ করেই এই ছক কষেছিলাম। মরক্কোকে আমরা বেশি সুযোগ তৈরি করতে দিইনি।’
তাঁর দাবি, ম্যাচ জিতে গেলে এই প্রশ্ন উঠতই না। তবে হারের পর পদত্যাগ করবেন কি না, তা দেশে ফিরে সিদ্ধান্ত নেবেন বলে জানান ডাচ কোচ।
অন্যদিকে মরক্কো কোচ মহম্মদ ওয়াহবি বলেন, ‘২০২২ সেমিফাইনাল খেলার পর থেকেই সবাই আমাদের সম্মান করে। আজ সব বিভাগে আমরা সেরা ছিলাম। তবে নেদারল্যান্ডসের অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল আমাকে অবাক করেছে। পরের ম্যাচে কানাডাকেও হারানোর ক্ষমতা রাখি।’
টাইব্রেকার ভাগ্যে বিদায় নিলেও কোয়েমান নিজের সিদ্ধান্তে অটল। রক্ষণাত্মক ছককে ভুল মানতে নারাজ তিনি। আপাতত তাঁর ভবিষ্যৎ নির্ভর করছে দেশে ফিরে বোর্ডের সঙ্গে আলোচনার ওপর।
