Women Cricket-T20 : স্বপ্নভঙ্গ লর্ডসে! অস্ট্রেলিয়ার কাছে হেরে T20 বিশ্বকাপ থেকে বিদায় ভারতের মেয়েদের !
কিউ ইন্ডিয়া বাংলা, লর্ডস :- আবারও সেই অস্ট্রেলিয়া, আবারও সেই স্বপ্নভঙ্গ। লর্ডসে গ্রুপের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হেরে T20 বিশ্বকাপ থেকে ছিটকে গেল ভারত। ১৭০ রান তাড়া করতে নেমে পেরি-গার্ডনারের জোড়া ফিফটিতে এক ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে নিল অসিরা। গ্যালারিতে বসে হরমনপ্রীতদের হার দেখলেন কোহলি, অনুষ্কা, ধাওয়ান, শাস্ত্রীরা।
লর্ডসের সকালের কন্ডিশনকে গুরুত্ব না দিয়ে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন হরমনপ্রীত। স্মৃতি মন্ধানা ৩৮ ও শেফালি বর্মা ৩৪ রান করে শুরুটা ভালো করলেও রান তোলার গতি ছিল মন্থর। ভুল বোঝাবুঝিতে রান আউট হন স্মৃতি।
জেমাইমা রদ্রিগেজ ২৮ বলে ৩৪ রান করেন। শেষ দিকে অধিনায়ক হরমনপ্রীত ২৭ বলে ৫৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন। কিন্তু শেষ ওভারে জেমাইমাকে অবসৃত আউট করার সিদ্ধান্ত দেরিতে নেওয়ায় রিচা ঘোষ মাত্র ১ বল খেলার সুযোগ পান। ২০ ওভারে ১৭০ রানে থামে ভারত।
জবাবে প্রথম ওভারেই জর্জিয়া ভল আউট হলেও চাপে পড়েনি অস্ট্রেলিয়া। ফিবি লিচফিল্ড ও বেথ মুনির পর ম্যাচের রাশ ধরেন এলিস পেরি ও অ্যাশলি গার্ডনার। তাঁদের ১০০ রানের জুটি ভারতকে ম্যাচ থেকে ছিটকে দেয়।
রাধা যাদবের এক ওভারে ১৭ রান তুলে মোমেন্টাম পুরোপুরি নিজেদের দিকে নিয়ে নেয় অসিরা। পেরি ৩৮ বলে ৫৬ করে আউট হলেও গার্ডনার ২৯ বলে ৫৩ রানে অপরাজিত থেকে এক ওভার বাকি থাকতেই দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।
ঘরের মাঠের একদিনের বিশ্বকাপের সেমির সাহসটা লর্ডসে দেখাতে পারলেন না হরমনপ্রীতেরা। টস থেকে দল নির্বাচন, ব্যাটিং অর্ডার থেকে বোলিং পরিবর্তন—সবেতেই সাহসের অভাব। একা হরমনের লড়াই ব্যর্থ। পেরি-গার্ডনারের অভিজ্ঞতার কাছে ফের হার ভারতের। গ্রুপ শীর্ষে থেকে সেমিতে অস্ট্রেলিয়া, সঙ্গে দক্ষিণ আফ্রিকা। আর আরও একটা বিশ্বকাপ শেষ হতাশা নিয়ে।
