আজকের দিনেখেলা

নকআউটে উঠেই দুঃসংবাদ: সালাহর বাঁ হাঁটুতে চোট, উদ্বেগে মিশর শিবির

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- ইতিহাস গড়ে প্রথমবার বিশ্বকাপের নকআউটে পৌঁছেছে মিশর। কিন্তু ঐতিহাসিক সাফল্যের দিনেই বড় ধাক্কা ‘দ্য ফারাওস’ শিবিরে। ইরান ম্যাচে বাঁ হাঁটুতে চোট পেয়ে মাঠ ছাড়লেন অধিনায়ক মহম্মদ সালাহ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রাউন্ড ৩২-এর ম্যাচে কি খেলতে পারবেন ‘মিশরীয় মেসি’? বাড়ছে উদ্বেগ।

১৯৩৪ সাল থেকে বিশ্বকাপ খেলছে মিশর। এবারই প্রথম গ্রুপ পর্বের গণ্ডি টপকে নকআউটে গেল তারা। মহানাটকীয় ম্যাচে ইরানকে আটকে দিয়ে এই ইতিহাস লিখেছে সালাহর দেশ।

কিন্তু ম্যাচের ৫৭ মিনিটেই ছন্দপতন। বাঁ হাঁটুতে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন সালাহ। তাঁর পরিবর্তে নামেন মোস্তাফা জিকো। ক্যামেরায় বারবার ধরা পড়েছে সালাহর হতাশার ছবি।

ম্যাচ শেষে কোচ হোসাম হাসান জানান, “ওর সঙ্গে কথা বলেছি। আশা করি দ্রুত সুস্থ হয়ে উঠবে। এটা খুব বড় কোনও চোট নয়। আমাদের মেডিক্যাল স্টাফরা নজর রাখছেন। এখনও হাতে কিছুটা সময় আছে। আমার বিশ্বাস, ও ফিরে আসবে। সালাহ নিজেও আমাকে আশ্বস্ত করেছে ও ঠিক হয়ে যাবে।”

চলতি বিশ্বকাপে ইতিমধ্যেই একটি গোল ও দুটি অ্যাসিস্ট করেছেন সালাহ। আগামী শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রাউন্ড ৩২-এর ম্যাচ। সেখানে তিনি না খেলতে পারলে বড় ধাক্কা খাবে মিশর।

বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার নকআউটে উঠে উচ্ছ্বাসে ভাসছে মিশর। কিন্তু দলের প্রাণভোমরা সালাহর চোট সেই উচ্ছ্বাসে জল ঢেলে দিয়েছে। তিনি শেষ পর্যন্ত খেলতে না পারলে বাড়তি দায়িত্ব নিতে হবে ওমর মারমুশ-সহ দলের অন্য ফরোয়ার্ডদের। এখন গোটা মিশর তাকিয়ে সালাহর মেডিক্যাল রিপোর্টের দিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *