আজকের দিনেবাংলার আয়না

পঞ্চম শ্রেণির ছাত্রকে নগ্ন করে উলটো ঝুলিয়ে ‘নারকীয়’ অত্যাচার

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, জয়নগরঃ খেলার ছলে সামান্য লাঠির ধাক্কা লাগার ‘অপরাধ’! আর তার জেরে পঞ্চম শ্রেণির এক ১১ বছরের শিশুকে নগ্ন করে, পা বেঁধে উলটো করে ঝুলিয়ে চলল নারকীয় অত্যাচার। শুধু তাই নয়, সেই অমানুষিক নির্যাতনের ভিডিও ক্যামেরাবন্দি করল অভিযুক্ত ও তার পরিবার। দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানা এলাকার এই হাড়হিম করা ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার পর থেকেই পলাতক মূল অভিযুক্ত তপন হালদার ও তার পরিবার।

কী ঘটেছিল?

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, দিনকয়েক আগে এলাকার অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল ১১ বছরের ওই নাবালক। সেই সময় রাস্তা দিয়ে যাচ্ছিল অভিযুক্ত তপন হালদার। খেলার ছলে আচমকাই শিশুটির হাতের লাঠিটি তপনের গায়ে লেগে যায়। আর এতেই মারাত্মক ক্ষিপ্ত হয়ে ওঠে ওই ব্যক্তি। অভিযোগ, প্রথমে শিশুটির চুলের মুঠি ধরে টানতে টানতে বেশ কিছু দূর নিয়ে যায় তপন। এরপর প্রকাশ্য রাস্তায় তাকে কান ধরে ওঠ-বস করানো হয়। কিন্তু তাতেও আক্রোশ মেটেনি অভিযুক্তের।

বাড়িতে নিয়ে গিয়ে চরম বর্বরতা, ভিডিও শুট!

শিশুর পরিবারের অভিযোগ, এরপর ওই খুদেকে জোরপূর্বক নিজের বাড়িতে নিয়ে যায় তপন। সেখানে নিয়ে গিয়ে তার পরনের প্যান্ট খুলে ফেলা হয়। এরপর পা বেঁধে উলটো করে ঝুলিয়ে চলে বেধড়ক মারধর। এই নারকীয় অত্যাচারের সময় তপনের স্ত্রী এবং পরিবারের অন্য সদস্যরাও সেখানে উপস্থিত ছিল। বাধা দেওয়ার পরিবর্তে তারা মোবাইল ফোনে এই চরম নির্যাতনের ভিডিও রেকর্ড করে বলে অভিযোগ। একই সাথে, ঘটনাটি কাউকে জানালে পরিণতি ভয়ানক হবে বলে শিশুটিকে হুমকিও দেওয়া হয়।

যেভাবে সামনে এল ঘটনা

চরম আতঙ্ক ও ভয়ে প্রথমে বাড়িতে এসে কাউকে কিছু বলেনি ওই খুদে। কিন্তু তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। বারবার জিজ্ঞাসা করলেও ভয়ে মুখ খোলেনি সে। পরবর্তীতে, অভিযুক্তদের মোবাইলে রেকর্ড করা সেই নির্যাতনের ভিডিওটি কোনোভাবে পরিবারের এক সদস্যের নজরে আসে। আর তাতেই প্রকাশ পায় তপন হালদার ও তার পরিবারের এই চরম বর্বরতা।

পুলিশের দ্বারস্থ পরিবার, এখনও অধরা অভিযুক্ত

ঘটনাটি জানতে পেরেই রক্তাক্ত ও মারাত্মক অসুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। এরপরই জয়নগর থানার অধীনস্থ ধোষা পুলিশ ক্যাম্পে এবং পরবর্তীতে জয়নগর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে শিশুর পরিবার।

ঘটনার পর থেকেই এলাকা ছেড়ে চম্পট দিয়েছে মূল অভিযুক্ত তপন হালদার ও তার পরিবারের সদস্যরা। বর্তমানে তাদের বাড়িতে ঝুলছে তালা। লিখিত অভিযোগ দায়ের হওয়ার পর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে ঘটনার বেশ কিছু সময় পার হয়ে গেলেও এখনও পর্যন্ত কেউ গ্রেফতার না হওয়ায় ক্ষোভ বাড়ছে এলাকায়। পলাতক অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *