দুর্যোগেও কর্তব্যে অবিচল, বজ্রঘাতে মৃত্যু বিএসএফ জওয়ানের
কিউ ইন্ডিয়া বাংলা- প্রবল ঝড়-বৃষ্টি। তার পরেও সেই দুর্যোগের সময় সীমান্তে কর্তব্যে অবিচল বিএসএফ জওয়ান। ঝড় বৃষ্টির তাণ্ডবে একনাগাড়ে চলছিল বজ্রপাত। তাও ডিউটি থেকে এক মুহূর্তের জন্য সরে আসেননি তিনি। বজ্রঘাতে মারা গেলে কর্তব্যরত জওয়ান। মৃত জওয়ানের নাম বিনীতকুমার দুবে। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার মিঠুপুর গ্রামের ঘটনা। ঘটনায় শোকাহত পরিবার, ভেঙে পড়েছেন তার জওয়ানের সহকর্মীরাও।
৪৬ বছর বয়সী জওয়ান বিনীতকুমার দুবের বাড়ি উত্তরপ্রদেশে। দীর্ঘদিন ধরেই তিনি বাংলায় কর্মরত ছিলেন। রঘুনাথগঞ্জ থানার মিঠুপুর গ্রামের ভারত-বাংলাদেশ সীমান্তে তিনি কর্মরত ছিলেন। মঙ্গলবার রাতে তিনি সীমান্তে পাহারা দিচ্ছিলেন। কিছু সময়ের পরেই শুরু হয়েছিল দুর্যোগ। প্রবল ঝড়ের বজ্রঘাত শুরু হয়। কিন্তু দূর্যোগও তাঁকে দায়িত্ব থেকে এত টুকু সরাতে পারেনি।
সেসময়ই ঘটে যায় মর্মান্তিক ঘটনা। ৭১ নম্বর ব্যাটেলিয়নের ১০ পোস্টে কর্মরত ছিলেন তিনি। তাঁর উপরেই বজ্রাঘাত হয়। মাটিতে লুটিয়ে পড়েন। বিএসএফের অন্যান্য কর্মী, জওয়ানরা তাঁকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা করে তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বিএসএফ সূত্রে খবর, মৃত জওয়ান কর্তব্যনিষ্ঠ ও দায়িত্বশীল কর্মী হিসেবে পরিচিত ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া।
