‘১৫ বছর থাকবে’ বলেছিলেন গোয়েঙ্কা, ২ বছরেই বিদায়! ১২ কোটি খুইয়ে দিল্লিতে প্রত্যাবর্তন পন্থের
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- রেকর্ড ২৭ কোটি টাকার লখনউ অধ্যায় মাত্র দু’বছরেই শেষ হল ঋষভ পন্থের। ট্রেড ডিলে পুরনো দল দিল্লি ক্যাপিটালসেই ফিরছেন তিনি। পন্থের বদলে দিল্লি থেকে লখনউ সুপার জায়ান্টসে যাচ্ছেন কুলদীপ যাদব।
২০২৫ আইপিএলের আগে রেকর্ড ২৭ কোটি টাকায় পন্থকে দলে নেয় সঞ্জীব গোয়েঙ্কার লখনউ। সঞ্জীব গোয়েঙ্কা বলেছিলেন, পন্থ ১৫ বছর এলএসজি-তে থাকবেন। কিন্তু পরপর দুই মরশুমে ব্যর্থতার পর সম্পর্ক থামল মাত্র ২ বছরে।
চলতি আইপিএলে ১৪ ইনিংসে মাত্র ৩১২ রান করেছেন পন্থ। পয়েন্ট টেবিলে সবার শেষে থেকে অভিযান শেষ করে লখনউ। আইপিএল শেষ হতেই নেতৃত্ব ছাড়েন তিনি। তখন থেকেই জল্পনা ছিল, এলএসজি-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন পন্থ।
মঙ্গলবার আইপিএল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, ট্রেড ডিলে পন্থ দিল্লিতেই ফিরছেন। তবে দিল্লিতে তাঁর বেতন হবে ১৫ কোটি টাকা। অর্থাৎ ২৭ কোটির জায়গায় ১২ কোটি টাকা কম পাবেন তিনি। ২০১৬ থেকে ২০২৪ পর্যন্ত দিল্লিতেই খেলেছিলেন পন্থ।
এই ট্রেডে লাভবান হচ্ছেন কুলদীপ যাদব। দিল্লি তাঁকে ১৩.২৫ কোটি টাকায় রিটেইন করেছিল। লখনউতে এসে পাবেন ১৩.৫০ কোটি। যদিও গত মরশুমে ছন্দে ছিলেন না কুলদীপ, ১২ ম্যাচে নিয়েছেন ১০ উইকেট। এদিকে লখনউ লেগস্পিনার দিগ্বেশ রাঠীকে রেখে রবি বিষ্ণোইকে ছেড়ে দিয়েছিল। তাঁর জায়গায় কুলদীপকে নিল ফ্র্যাঞ্চাইজি।
২৭ কোটির হাইপ্রোফাইল চুক্তিও পন্থ-লখনউ জুটিকে সাফল্য এনে দিতে পারেনি। দু’বছরের দুঃস্বপ্ন ভুলে পুরনো ঠিকানায় ফিরে পন্থ নতুন করে শুরু করতে চান। অন্যদিকে কুলদীপের সামনে সুযোগ লখনউয়ের স্পিন আক্রমণের নেতৃত্ব দেওয়ার।
