Recovered Gold : সব্যসাচীর সূত্রে ঘনিষ্ঠ নেত্রীর বাড়িতে পুলিশ, তেহট্ট থেকে উদ্ধার ৪ কোটির সোনা !
কিউ ইন্ডিয়া বাংলা, নদীয়া :- তৃণমূলের দুর্নীতির শিকল ক্রমশ লম্বা হচ্ছে। এবার বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তের সূত্র ধরে তাঁর ঘনিষ্ঠ নেত্রীর বাড়ি থেকে উদ্ধার হল প্রায় ৩ কেজি সোনার গয়না। সোমবার রাতে নদিয়ার তেহট্টে জেলা পরিষদের সদস্য টিনা ভৌমিক সাহার বাড়িতে সব্যসাচীকে সঙ্গে নিয়ে তল্লাশি চালায় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। উদ্ধার হওয়া সোনার বাজারমূল্য ৪ কোটি ৩৯ লক্ষ টাকারও বেশি।
চলতি মাসের গোড়ায় তোলাবাজি ও বেআইনি সম্পত্তির অভিযোগে গ্রেপ্তার হন প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত। ছাব্বিশের ভোটে বারাসত থেকে লড়ে পরাজিত হওয়ার পরই তাঁর জেলযাত্রা। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, তোলাবাজি ও কালো টাকায় তাল তাল সোনা কিনেছেন সব্যসাচী। রাজারহাটের ফ্ল্যাট ও ব্যাঙ্ক লকার থেকে মেলে সোনা কেনার রসিদ এবং উদ্ধার হয় প্রায় সাড়ে ৩ কেজি সোনা।
জেরায় উঠে আসে আরও চাঞ্চল্যকর তথ্য — শুধু নিজে নয়, প্রভাব খাটিয়ে ঘনিষ্ঠদেরও সোনা কিনতে সাহায্য করেছেন তিনি। সেই সূত্র ধরেই সোমবার গভীর রাতে নদিয়ার তেহট্টে টিনা ভৌমিক সাহার বাড়িতে হানা দেয় পুলিশ। সব্যসাচীকে সঙ্গে নিয়েই চলে রাতভর তল্লাশি। টিনার বাড়ি থেকে মেলে প্রায় ৩ কেজি সোনার গয়না। হিসেব করে তদন্তকারীরা জানিয়েছেন, যার বর্তমান বাজারদর ৪ কোটি ৩৯ লক্ষ টাকার বেশি।
টিনা নদিয়া জেলা পরিষদের সদস্য ও তৃণমূল নেত্রী। সব্যসাচীর অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত। সমস্ত সোনা বাজেয়াপ্ত করে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে বিধাননগর পুলিশ।
একদিকে সব্যসাচীর ফ্ল্যাট-লকার, অন্যদিকে ঘনিষ্ঠ নেত্রীর বাড়ি — তল্লাশিতে বেরিয়ে আসছে কেজি কেজি সোনা। তৃণমূল নেতাদের বেআইনি সম্পত্তির জাল কতদূর বিস্তৃত, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজ্য রাজনীতিতে। তদন্ত কোন দিকে মোড় নেয়, সেদিকেই তাকিয়ে সব মহল।
