ডায়মন্ড হারবারের দেবব্রত মৃত্যুকাণ্ডে নতুন মোড়, গ্রেফতার প্রাক্তন প্রধান মুন্নি বিবি
কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- ডায়মন্ড হারবারের দেবব্রত ভট্টাচার্য মৃত্যুকাণ্ডে প্রায় চার বছর আগে ঘটে যাওয়া এই রহস্যঘেরা ঘটনার তদন্তে এবার গ্রেফতার করা হয়েছে বোলসিদ্ধি-কালীনগর গ্রাম পঞ্চায়েতের তৎকালীন প্রধান মুন্নি বিবিকে। সোমবার সকালে ডায়মন্ড হারবার থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে।
দেবব্রত ভট্টাচার্য সেই সময় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পদে দায়িত্ব পালন করছিলেন। ২০২২ সালে তাঁর অস্বাভাবিক মৃত্যু ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। পরিবারের অভিযোগ ছিল, রাজনৈতিক চাপ, অপমান এবং দীর্ঘদিনের মানসিক নির্যাতনের কারণে দেবব্রতবাবু চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হন। এই অভিযোগের ভিত্তিতেই মুন্নি বিবি এবং প্রাথমিক শিক্ষক নেতা মইদুল ইসলামের বিরুদ্ধে মৃত্যুর প্ররোচনার মামলা দায়ের করা হয়েছিল।
তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পুলিশের হাতে আসে। সেই সূত্র ধরেই প্রথমে মইদুল ইসলামকে গ্রেফতার করা হয়। এবার তদন্তের পরবর্তী ধাপে প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান মুন্নি বিবিকেও গ্রেফতার করা হয়েছে।ঘটনাকে ঘিরে দীর্ঘদিন ধরে যে মৃত্যুরহস্য নানা প্রশ্নের জন্ম দিয়েছিল, সেই মামলায় গ্রেফতারির ফলে সত্য সামনে আসার আশা করছেন দেবব্রত ভট্টাচার্যের পরিবার ও স্থানীয় বাসিন্দারা।
