আজকের দিনেখেলাবিশ্ব

FIFA World Cup 2026 : রূপকথার বিশ্বকাপ চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল কেপ ভার্দে !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- – বিশ্বকাপ ফুটবল মানেই রূপকথা, আর এবারের ‘সিনড্রেলা স্টোরি’ লিখছে কেপ ভার্দে। আফ্রিকার সাড়ে পাঁচ লাখের ছোট্ট দেশ, যাদের গোলরক্ষকের পরিবারের বিশ্বকাপ দেখতে আসার সামর্থ্যটুকু নেই, তারাই নিজেদের প্রথম বিশ্বকাপে স্পেনের পর দু’বারের চ্যাম্পিয়ন উরুগুয়েকেও আটকে দিল। মায়ামিতে টানটান ম্যাচ শেষ হল ২-২ গোলে।

ধারেভারে স্পেন অনেক বড় নাম। ইউরো চ্যাম্পিয়ন, বিশ্ববন্দিত তারকায় ঠাসা দল। সেই স্পেনকেই অভিষেক ম্যাচে রুখে দিয়ে চমকে দিয়েছিল কেপ ভার্দে। অনেকে সেটাকে ‘ফ্লুক’ বলেছিলেন। কিন্তু উরুগুয়ের বিরুদ্ধে ভোজিনহারা প্রমাণ করলেন, আত্মবিশ্বাস আর একজোট লড়াই থাকলে যে কোনও যুদ্ধ জেতা যায়।

ম্যাচের ২১ মিনিটে কেভিন পিনার দূরপাল্লার ফ্রি-কিক উরুগুয়ের ওয়াল গলে জালে জড়ায়। বিশ্বকাপে কেপ ভার্দের প্রথম গোল। লিড নিয়েও অলআউট ডিফেন্সে না গিয়ে আক্রমণে যায় তারা। সেই সুযোগেই ৪৪ মিনিটে ম্যাক্স আরাহো সমতা ফেরান। প্রথমার্ধের স্টপেজ টাইমে আরাহোর পাস থেকে অগাস্টিন ক্যানোবিও গোল করে উরুগুয়েকে ২-১ এগিয়ে দেন।

দ্বিতীয়ার্ধে উরুগুয়ের প্রেসিং ফুটবলের চাপ সামলে ৬৬ মিনিটে ম্যাথিয়াস অলিভেরার ভুল পাস ধরে হেলিও ভারেলা মুসলেরাকে পরাস্ত করেন। ২-২। এরপর ফেদ্রিকো ভালভার্দের গোল অফসাইডে বাতিল হয়। শেষ দিকে দু’দলই জয়ের সুযোগ পায়। গ্যালারিতে বসে লুইস সুয়ারেজের হতাশা ধরা পড়ে ক্যামেরায়। একেবারে শেষবেলায় রদ্রিগো বেনটানকুরের দুর্দান্ত ট্যাকল না হলে হয়তো জয়সূচক গোলই করে ফেলত কেপ ভার্দে।

স্পেনের পর উরুগুয়ে — পরপর দুই ফুটবল পরাশক্তিকে রুখে দিয়ে কেপ ভার্দে বুঝিয়ে দিল, এটা কোনও অঘটন নয়। দক্ষতা, দৃঢ় মানসিকতা আর লড়াকু মনোভাবই তাদের আসল অস্ত্র। প্রথম বিশ্বকাপেই গোটা দুনিয়ার মন জিতে নিচ্ছে আফ্রিকার এই ছোট্ট দেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *