মৌশুনী দ্বীপে ফের ১৫০ মিটার নদীবাঁধ ভাঙন, আতঙ্কে উপকূলবাসী
কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- শুক্রবার সকালে দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের মৌশুনী দ্বীপে আবারও নদীবাঁধ ভাঙনের ঘটনা সামনে এসেছে। অমাবস্যার ভরা কোটালের চাপে শুক্রবার সকালে বালিয়াড়ার ১৪ নম্বর সোয়াল এলাকার বটতলা নদীবাঁধের প্রায় ১৫০ মিটার অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
উপকূলবর্তী এই অঞ্চলের মানুষের জীবনযাত্রা অনেকটাই নির্ভর করে নদীবাঁধের নিরাপত্তার উপর। কিন্তু দীর্ঘদিন ধরেই বাঁধের দুর্বল অবস্থার কথা প্রশাসনকে জানানো হলেও স্থায়ী সমাধানের অভাব নিয়ে ক্ষোভ রয়েছে এলাকাবাসীর। তাঁদের মতে, বছরের পর বছর ধরে সংস্কারের কাজ হলেও তা প্রকৃতপক্ষে সমস্যার স্থায়ী সমাধান করতে পারেনি। ফলে জোয়ার-ভাটার সময় এলেই নতুন করে ভাঙনের আশঙ্কা দেখা দেয়।
স্থানীয় বাসিন্দা অজেদ ও বাবুসোনা জানান,”প্রায় দেড়শ মিটার নদী বাঁধ ভেঙে গিয়েছে।এবার দ্রুত মেরামতের ব্যবস্থা না হলে নদীর জল গ্রামে ঢুকে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।তাঁরা এখন চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন এবং প্রশাসনের জরুরি হস্তক্ষেপের অপেক্ষায় রয়েছেন”।উপকূলীয় অঞ্চলে প্রতি বছর একই ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি প্রমাণ করে যে শুধুমাত্র অস্থায়ী মেরামত যথেষ্ট নয়। স্থানীয়দের দাবি,শক্তিশালী ও টেকসই নদীবাঁধ নির্মাণের পাশাপাশি নিয়মিত রক্ষণাবেক্ষণও সমান গুরুত্বপূর্ণ।
