আজকের দিনেতিলোত্তমা

এবার ববি হাকিমকে পিএসি চেয়ারম্যান করার ছক?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা,কলকাতা: বিধানসভার অন্যতম গুরুত্বপূর্ণ পদ পাবলিক অ‌্যাকাউন্টস কমিটি-র চেয়ারম্যান কে হবেন, তা নিয়ে দীর্ঘদিন ধরেই রাজ্য রাজনীতিতে চর্চা চলছে। সংসদীয় রীতি অনুযায়ী এই পদটি বিরোধী শিবিরকে দেওয়াই দস্তুর। তবে এবার সমীকরণ সম্পূর্ণ উল্টো। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও কোণঠাসা করতে এবং বিধানসভায় পরিষদীয় দলের রাশ আলগা করতে এবার প্রাক্তন পুরমন্ত্রী তথা কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমকে পিএসি-র চেয়ারম্যান পদে বসানোর পরিকল্পনা চলছে।

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পর তাসের ঘরের মতো ভেঙে পড়েছে তৃণমূল কংগ্রেস। ২৮ জন সাংসদের মধ্যে ২০ জন ইতিমধ্যেই ‘এনসিপিআই’ নামের একটি দলের ছাতার তলায় এসে এনডিএ-কে সমর্থন জানিয়েছেন। কলকাতা পুরসভার মেয়র পদ থেকেও ইস্তফা দিয়েছেন ফিরহাদ হাকিম (ববি)। মুখে কিছু না বললেও, বেশ কিছুদিন ধরেই ববি হাকিমের আচরণ স্পষ্ট করে দিয়েছে যে তিনি আর ‘দিদি’র সঙ্গে নেই।

ঋতব্রতর পাশে ফিরহাদ: জল্পনা উস্কে দিল বিধানসভার আসন বদল বৃহস্পতিবার বিধানসভায় রাজ্যপালের ভাষণের সময় ববি হাকিমের বসার আসন ঘিরে জল্পনা এক ধাক্কায় বহু গুণ বেড়ে গিয়েছে। দেখা গেছে, বিধানসভায় ফিরহাদের আসন নির্দিষ্ট হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও জাভেদ খানদের সঙ্গে একই বেঞ্চে। রাজনৈতিক মহলের মতে, এর থেকেই পরিষ্কার যে ববি হাকিম এখন ‘ঋত-পন্থী’ তৃণমূলের অংশ। আর মমতার সঙ্গ ছাড়ার ‘পুরস্কার’ হিসেবেই এবার তাঁকে পিএসি-র চেয়ারম্যান করা হতে পারে বলে গুঞ্জন তীব্র হয়েছে।

কী এই পিএসি এবং কেন একে ঘিরে এত লড়াই?

পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা পিএসি-র মূল কাজ হলো রাজ্য সরকারের যাবতীয় খরচ-খরচার উপর কড়া নজর রাখা। সরকারি তহবিলের খরচে স্বচ্ছতা বজায় রাখতে সাধারণত এই কমিটির চেয়ারম্যান করা হয় বিরোধী দলের কোনও বিধায়ককে।

অতীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই পদটি নিয়ে বিশেষ কৌশল নিয়েছিল। তাঁরা এমন দু’জনকে পিএসির চেয়ারম্যান করেছিলেন, যাঁরা খাতায়-কলমে পদ্ম শিবিরের বিধায়ক হলেও আসলে দলবদল করে তৃণমূলে যোগ দিয়েছিলেন— যেমন প্রয়াত মুকুল রায় এবং আলিপুরদুয়ারের প্রাক্তন বিধায়ক সুমন কাঞ্জিলাল। তৎকালীন বিরোধী দল বিজেপির তরফে বারবার আপত্তি তোলা হলেও তৎকালীন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সংসদীয় রীতির দোহাই দিয়ে তা খারিজ করে দেন।

মুকুল-সুমনের চেয়ে কোথায় আলাদা ফিরহাদের পরিস্থিতি?

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবার ফিরহাদ হাকিমকে পিএসি চেয়ারম্যান করার ভাবনা মুকুল রায় বা সুমন কাঞ্জিলালদের মতো নয়। কারণ, ফিরহাদ হাকিম বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন বলে জোরালো গুঞ্জন থাকলেও, খাতায়-কলমে তিনি এখনও তৃণমূলেরই বিধায়ক। ফলে ‘বিরোধী’ তকমা দিয়ে তাঁকে এই পদে বসানো এবং শাসক শিবিরের অস্বস্তি বাড়ানোই এখন মূল লক্ষ্য।

একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বিশ্বস্ত ও ‘ছায়াসঙ্গী’ হিসেবে পরিচিত ববি হাকিম যেভাবে ক্রমশ দূরত্ব বাড়িয়ে বিরোধী শিবিরের ঘুঁটি হয়ে উঠছেন, তা ছাব্বিশের রাজনৈতিক পটপরিবর্তনের আবহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *