আজকের দিনেবিশ্বরাজনীতি

Trump-Netanyahu : ইরান-মার্কিন মউ স্বাক্ষরিত, তবুও শান্তি অনিশ্চিত! লেবানন-কাঁটায় তিক্ত ট্রাম্প-বিবি সম্পর্ক !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- ১৯ জুন জেনেভায় হওয়ার কথা ছিল ইরান-আমেরিকার শান্তিচুক্তি। কিন্তু বৃহস্পতিবারই ১৪টি শর্তে মউ স্বাক্ষর হয়ে গিয়েছে। পশ্চিম এশিয়ায় স্বস্তির হাওয়া। তবুও কাটছে না আশঙ্কা। লেবানন ইস্যুতে ইজরায়েলের ভূমিকা নিয়েই ধোঁয়াশা। আর তা নিয়েই তলানিতে ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্ক।

চুক্তির শর্তে বলা হয়েছে, ইরান ও লেবানন-সহ মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধ করতে হবে। নতুন করে কোনও যুদ্ধ হবে না — এই গ্যারান্টি দেবে ইজরায়েল ও আমেরিকা। ট্রাম্প নেতানিয়াহুকে হুঁশিয়ারিও দিয়েছেন, লেবানন ইস্যুতে যেন আরও বেশি দায়িত্ব নেন তিনি।

কিন্তু বাস্তব ছবি আলাদা। দক্ষিণ লেবানন ও বেইরুটে ইজরায়েলের বোমাবর্ষণ অব্যাহত। ট্রাম্প সম্প্রতি ফোন করে নেতানিয়াহুকে বলেছেন, “ঘরবাড়ি ওড়ানো বন্ধ করুক সেনা।” ঘনিষ্ঠ মহলে ট্রাম্প আক্ষেপ করে বলেছেন, ইজরায়েলের প্রধানমন্ত্রী সব সময়ই চান সর্বত্র বোমা ফেলতে। সাম্প্রতিক কথাবার্তার অধিকাংশই তিক্ত।

ট্রাম্পের মতে, ইরানের কাছে পরমাণু অস্ত্র থাকলে ইজরায়েল দু’ঘণ্টাও টিকতে পারবে না। তাই লেবানন-কাঁটা না সরালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে না — সেটা বুঝছেন মার্কিন প্রেসিডেন্ট। আর সেই কারণেই নেতানিয়াহুর উপর বাড়ছে তাঁর বিরক্তি।

শান্তিচুক্তি স্বাক্ষরিত হলেও লেবাননে ইজরায়েলি হামলা চললে ভেস্তে যেতে পারে পুরো প্রক্রিয়া। দুই রাষ্ট্রনেতার সম্পর্ক এখন তলানিতে। ইজরায়েল কি সরবে লেবানন থেকে? আপাতত সেই প্রশ্নের উত্তরেই ঝুলে রয়েছে পশ্চিম এশিয়ার শান্তির ভবিষ্যৎ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *