আরও চাপে অভিষেক, মানহানির মামলায় রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট
কিউ ইন্ডিয়া বাংলা- বিতর্ক আর কিছুতেই পিছু ছাড়ছে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সই জাল কাণ্ড, ডিজে-হুমকির পাশাপাশি এবার নতুন করে ঘাড়ে চাপল মধ্যপ্রদেশ হাইকোর্টের নির্দেশ। কৈলাস বিজয়বর্গীয় ছেলে আকাশের করা একটি মানহানির মামলায় ফের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর থেকে গ্রেফতারির স্থগিতাদেশ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট। মানহানির মামলায় অভিষেকের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিলেন। বুধবার আদালতে এই মামলার শুনানিতে আবেদনকারীর পক্ষে কোনও আইনজীবী উপস্থিত না-থাকায় এবং মামলার সওয়াল হয়নি। সিঙ্গল বেঞ্চ অভিষেকের অন্তর্বর্তীকালীন আইনি সুরক্ষার মেয়াদ আর বাড়ায়নি এবং স্থগিতাদেশ তুলে নেয়।
বুধবার বিচারপতি প্রমোদকুমার অগ্রবালের সিঙ্গেল বেঞ্চ অভিষেকের আবেদন খারিজ করে দেন। সেইসঙ্গে ভোপালের একটি বিশেষ আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানা কার্যকর করার উপর নভেম্বর মাসে দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার করে দেন। ফলে আরও চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অভিযোগ, ২০২০ সালের নভেম্বর মাসের ঘটনা। ডায়মন্ড হারবারের একটি রাজনৈতিক জনসভা থেকে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়ের ছেলে মধ্যপ্রদেশের তৎকালীন বিজেপি বিধায়ক আকাশের উদ্দেশে বিতর্কিত মন্তব্য করেছিলেন অভিষেক। বিজেপির পক্ষ থেকে তাঁকে ‘ভাইপো’ সম্বোধন করা নিয়ে বলতে গিয়ে অভিষেক চ্যালেঞ্জের সুরেই বলেছিলেন, “ভাইপো বলে বার বার আমাকে ডাকা হচ্ছে। যে ভারতীয় জনতা পার্টি আমাকে বারবার ভাইপো বলে ডাকছে, তাদের সাহস থাকলে আমার নাম ধরে ডাকুক।” একই সঙ্গে তিনি বলেছিলেন, আমি নাম করে বলছি কৈলাস বিজয়বর্গীয় বহিরাগত। আমি নাম করে বলছি, ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের সভাপতি দিলীপ ঘোষ গুন্ডা, মাফিয়া। আমি তো নাম করে বলছি, অমিত শাহ বহিরাগত, আমি তো নাম করে বলছি, সুনীল দেওধর বহিরাগত। আমি নাম করেই বলছি, কৈলাস বিজয়বর্গীয়ের ছেলে আকাশ বিজয়বর্গীয় গুন্ডা। আপনার ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মামলা করুন। আইনানুগ ব্যবস্থা নিয়ে দেখান।”
এর পরেই ২০২১ সালে আকাশ ভোপালের বিশেষ এমপি-এমএলএ আদালতে অভিষেকের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন। শুনানিতে একাধিকবার অনুপস্থিত থাকার কারণে ভোপাল আদালত অভিষেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এর পরে অভিষেক মধ্যপ্রদেশ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। আদালত সেই সময় তার গ্রেফতারি পরোয়ানার উপর সাময়িকভাবে স্থগিতাদেশ দেয়।
