ফুচকা খেয়ে অসুস্থ ২০ জন শিশু থেকে কিশোর, ভর্তি হাসপাতালে
কিউ ইন্ডিয়া বাংলা- ফুচকা নাম শুনলেই মুখে জল চলে আসে। রাস্তার মোড়গুলিতে ফুচকার স্টলগুলিতে বাচ্চা থেকে বড়দের ভিড়। আর এবার এই ফুচকা খেয়েই তেলঙ্গানায় অসুস্থ হয়ে পড়ল ২০ জন শিশু। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকার জনপ্রিয় দোকানে ফুচকা খেতে ভিড় করেছিল শিশুরা। দলবেঁধে আনন্দ করে ফুচকা খেয়ে বাড়ি ফেরে তারা। পরদিন ভোর থেকে শরীর অসুস্থ হতে শুরু করে। বমি আর পেটে যন্ত্রণা। সকলকে স্থানীয় সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তেলঙ্গানার রাজান্না সিরসিলা জেলার ঘটনা।
শিশু-কিশোরদের অভিভাবকরা জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় এলাকারই একটি দোকান থেকে ফুচকা খেয়েছিল ছোটরা। এরপর মঙ্গলবার ভোরের দিকে অসুস্থ হয়ে পড়ে ২০ জন শিশু থেকে কিশোর। তীব্র পেটের যন্ত্রণা ও সেইসঙ্গে বমি। গ্রামে অসুস্থ শিশুর সংখ্যা বাড়ছে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দ্রুত সরকারি জেলা হাসপাতাল এবং বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকলেই চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে।
