পালিয়েও রেহাই নেই: পুরীতে গা ঢাকা দেওয়া তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ গ্রেফতার
কিউ ইন্ডিয়া বাংলা, পুরী:- পালিয়ে পুরীতে গা ঢাকা দিয়েও শেষরক্ষা হল না। রাজ্য ও ওড়িশা পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার হলেন কসবার ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজি, নথি জাল করে ফুটপাথের দোকান বিক্রি-সহ একাধিক অভিযোগ তাঁর বিরুদ্ধে। তাঁকে কলকাতায় আনা হচ্ছে।
তোলাবাজির অভিযোগে এফআইআর দায়ের হতেই গা ঢাকা দেন সুশান্ত। হন্যে হয়ে খুঁজছিল পুলিশ। অবশেষে পুরীতে অন্য একটি সিম ব্যবহার করার সূত্র ধরে লোকেশন ট্র্যাক করে পুলিশ। বুধবার ওড়িশা পুলিশ ও কলকাতা পুলিশের যৌথ অভিযানে ধরা পড়েন তিনি।
সুশান্তের বিরুদ্ধে অভিযোগের তালিকা দীর্ঘ। আনন্দপুর থানায় রাজডাঙ্গা স্কুল রোডের এক বাসিন্দা অভিযোগ করেন, নথি জাল করে সাড়ে তিন লক্ষ টাকায় ফুটপাথের দোকান বিক্রি করেছেন সুশান্ত। এছাড়া হকারদের কাছ থেকে বিপুল টাকা তোলা আদায়ের অভিযোগও আছে। পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে ফেরার নোটিসও জারি হয়েছিল।
তদন্তে নেমে প্রথমে বেলদার ওড়িশা সীমানা থেকে ধরা পড়েন সুশান্তের গাড়ির চালক। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই পুরীর লোকেশন পায় পুলিশ।
একাধিক দুর্নীতির অভিযোগে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ এখন পুলিশের জালে। কলকাতায় এনে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। এই গ্রেফতারি রাজনৈতিক মহলে বড় চাঞ্চল্য ফেলেছে।
