FIFA Worldcup 2026 : বিশ্বকাপে বাজিমাত ফ্রান্সের, সেনেগালকে ৩-১ গোলে হারিয়ে শুরু এমবাপেদের !
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- ২৪ বছর আগের দুঃস্বপ্ন তাড়িয়ে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল ফ্রান্স। বুধবার রাতে সেনেগালকে ৩-১ গোলে হারাল দিদিয়ের দেশঁর দল। প্রথমার্ধে ফ্যাকাসে দেখালেও দ্বিতীয়ার্ধে এমবাপে ম্যাজিকে বাজিমাত। জোড়া গোল করলেন ফরাসি অধিনায়ক, একটি গোল বার্কোলার।
২০০২ বিশ্বকাপের প্রথম ম্যাচে সেনেগালের কাছে হেরেছিল তৎকালীন বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। সেই স্মৃতি ফিরিয়ে প্রথম ৪৫ মিনিট দাপট দেখায় সেনেগাল। জ্যাকসনের শট বারে লাগে, সুযোগ নষ্ট করেন সারও। রক্ষণও জমাট রাখে তারা। বিরতিতে খেলা ০-০।
বিরতির পর বদলে যায় ছবি। ৬৬ মিনিটে ওলিসের ডিফেন্সচেরা পাস থেকে নিখুঁত টোকায় গোল করে দলকে এগিয়ে দেন এমবাপে। ৮০ মিনিটে বদলি নেমে ১৯০ সেকেন্ডের মধ্যেই ব্যবধান ২-০ করেন বার্কোলা।
৯৫ মিনিটে ইব্রাহিমের দুরন্ত শটে এক গোল শোধ করে সেনেগাল। কিন্তু ৯৬ মিনিটেই এমবাপের বিদ্যুৎগতির দূরপাল্লার শট জড়িয়ে যায় জালে। চলতি বিশ্বকাপের সেরা গোলের দাবিদার এই শট। একইসঙ্গে বিশ্বকাপে ও আন্তর্জাতিক স্তরে ফ্রান্সের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন এমবাপে।
প্রথমার্ধের ফ্যাকাসে পারফরম্যান্স ভুলিয়ে দ্বিতীয়ার্ধে ফরাসি ঝড়। এমবাপের জোড়া গোল আর রেকর্ড, সঙ্গে বার্কোলার চমক—সেনেগালকে ৩-১ গোলে হারিয়ে তিন পয়েন্ট নিয়ে বিশ্বকাপ শুরু করল গতবারের রানার্স ফ্রান্স। ২০০২-এর বদলাও নেওয়া হল, জয় দিয়েই শুরু হল এমবাপেদের অভিযান।
