‘ডাক্তারের ফি’-র নামে তোলাবাজি! ১৪ হাজার টাকা আদায়ের অভিযোগে গ্রেফতার কর্মী
কিউ ইন্ডিয়া বাংলা, দক্ষিণ ২৪ পরগণা:- সরকারি হাসপাতালে চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে বা নামমাত্র খরচে পাওয়ার কথা। কিন্তু সেই সুযোগকে কাজে লাগিয়ে বারুইপুর মহকুমা হাসপাতালে এক অসহায় রোগীর পরিবারের কাছ থেকে ডাক্তারের ফী ও যন্ত্রপাতির খরচের নামে বেআইনিভাবে টাকা আদায় করার অভিযোগে এক এজেন্সি কর্মীকে গ্রেফতার করে বারুইপুর থানার পুলিশ।
অভিযোগ অনুযায়ী, হাসপাতালে ভর্তি এক পরিবারের কাছ থেকে ডাক্তারের ফি এবং চিকিৎসার যন্ত্রপাতির খরচের নাম করে ১৪ হাজার টাকা নেওয়া হয়। বিষয়টি পরে হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসতেই দ্রুত পদক্ষেপ নেওয়া হয়।হাসপাতাল সুপারিনটেনডেন্টের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে।এরপরই বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে অভিযুক্ত ইফতিকার সরদারকে গ্রেফতার করা হয়।অভিযোগকারী সৌরভ চক্রবর্তীর বক্তব্য অনুযায়ী, সরকারি হাসপাতালের চিকিৎসা পরিষেবার সুযোগ নেওয়ার সময় তাঁদের কাছ থেকে এই অতিরিক্ত টাকা আদায় করা হয়েছিল।
হাসপাতাল কর্তৃপক্ষও বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখে এবং পুলিশের কাছে অভিযোগ দায়ের করে।এর ফলে অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে তোলা হচ্ছে। পাশাপাশি প্রতারণার মাধ্যমে আদায় করা টাকা উদ্ধারের জন্য এবং এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না তা খতিয়ে দেখতে পুলিশ সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছেন।
