আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়নাসুস্থ থাকুন

Ayushman Bharat : রাজ্যে চালু আয়ুষ্মান ভারত, আবেদন শুরু জনকল্যাণ শিবিরে !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- বাংলায় সরকার বদলের দেড় মাসের মধ্যেই কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পে যুক্ত হল রাজ্য। কথা রেখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার থেকে জেলায় জেলায় শুরু হওয়া জনকল্যাণ শিবিরে এখন এই প্রকল্পেও আবেদন করা যাবে। অনলাইনেও আবেদন চালু হয়েছে আগেই।

এই সুবিধা পাবেন মূলত গরিব ও প্রান্তিক পরিবারগুলো। যাদের বার্ষিক আয় আড়াই লক্ষের কম, ভূমিহীন দিনমজুর, তফশিলি জাতি-উপজাতি পরিবার, কাঁচা বা এক কামরার বাড়িতে থাকেন যারা – তারাই যোগ্য। এছাড়া যে পরিবারে ১৬ থেকে ৫৯ বছর বয়সী কোনও উপার্জনক্ষম পুরুষ সদস্য নেই, তারাও আবেদন করতে পারবেন। ৭০ বছরের বেশি বয়সী সবাই আয় নির্বিশেষে এই প্রকল্পের আওতায় আসবেন।

আবেদনের জন্য আধার কার্ড, রেশন কার্ড, মোবাইল নম্বর আর পরিবার শনাক্তকরণের নথি নিয়ে নিকটবর্তী জনকল্যাণ শিবিরে যেতে হবে। চাইলে ABHA-এর অফিসিয়াল ওয়েবসাইট https://abdm.gov.in/-এ গিয়েও অনলাইনে আবেদন করা যাবে। সেখানে আধার দিয়ে ভেরিফাই করে ব্যক্তিগত তথ্য দিলেই ABHA কার্ড তৈরি হয়ে যাবে।

এই কার্ডে যোগ্য পরিবার বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাবেন। তালিকাভুক্ত হাসপাতালে ভর্তি থেকে অপারেশন, পরীক্ষা, ওষুধ – সবই হবে ক্যাশলেস। এমনকি ভর্তির তিন দিন আগে থেকে পরবর্তী পনেরো দিন পর্যন্ত ওষুধ ও পরীক্ষার খরচও দেবে সরকার।

দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে বাংলার মানুষের দরজায় আয়ুষ্মান ভারত। স্বাস্থ্যের বড় খরচ নিয়ে দুশ্চিন্তা কমবে লাখ লাখ পরিবারের। জনকল্যাণ শিবিরে হাতের কাছে আবেদনের সুযোগ মেলায় আর হয়রানি হবে না। কেন্দ্র-রাজ্য সমন্বয়ের এই পদক্ষেপ প্রান্তিক মানুষের কাছে সত্যিকারের স্বস্তি পৌঁছে দেবে বলেই আশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *