আজকের দিনেবাংলার আয়না

Tapas Roy-Industry : ‘ভয় আউট, ভরসা ইন’ — শিল্পের অলাতচক্র ভাঙতে তাপস রায়ের নয়া রোডম্যাপ !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- শিল্প নেই, তাই রাজস্ব কম। রাজস্ব কম বলে পরিকাঠামো হচ্ছে না। আর পরিকাঠামো খারাপ বলে শিল্প আসছে না। পশ্চিমবঙ্গের শিল্পায়নের এই ‘অলাতচক্র’ ভাঙতে তৎপর নতুন বিজেপি সরকার। দেড় দশক পর রাজনৈতিক পালাবদলের পর শিল্পমন্ত্রী তাপস রায়ের ঘোষণা, লগ্নিকারীদের মন থেকে বাংলার ভয় ‘আউট’ করে ভরসা ‘ইন’ করাই তাঁর লক্ষ্য। প্রথম কাজ হিসেবে সিঙ্গুরে টাটাদের ফেরানোর বার্তাও দিয়েছেন তিনি।

তৃণমূল জমানায় শিল্পের জন্য জোর করে জমি অধিগ্রহণ না করার নীতিই রাজ্যে লগ্নি না আসার অন্যতম প্রধান কারণ বলে মনে করে শিল্পমহল। সিঙ্গুরের কৃষকদের জমি ফেরত দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই নীতিতে অটল ছিল। একলপ্তে বড় জমি না পাওয়ার অভিযোগ বারবার তুলেছে বণিকসভাগুলি।

সেই ছবি বদলানোর ইঙ্গিত দিয়েছে নতুন সরকার। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের বক্তব্য, লগ্নি টানাই তাঁদের লক্ষ্য। পাঞ্জাব-হরিয়ানা-মহারাষ্ট্রের মতো জমিনীতি এখানেও চালু হবে। ছোট ও প্রান্তিক চাষির হাতে জমি থাকায় শিল্পের জন্য সরকারি হস্তক্ষেপ জরুরি বলে মনে করছে নতুন শাসক দল।

‘ডবল ইঞ্জিন’ সরকারের সুফল দিতে সক্রিয় কেন্দ্রও। নীতি আয়োগের উপাধ্যক্ষ অশোককুমার লাহিড়ীর নেতৃত্বে রাজ্যের জন্য দীর্ঘমেয়াদি শিল্পায়নের ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে। উৎপাদন, সরবরাহ ব্যবস্থা, পরিকাঠামো, নদীভিত্তিক বাণিজ্য ও কর্মসংস্থানকে কেন্দ্র করে তৈরি হচ্ছে রূপরেখা। কলকাতাকে ‘অ্যাক্ট ইস্ট’ নীতির প্রবেশদ্বার করে বাংলাদেশ, নেপাল, ভুটানের সঙ্গে ভারতের যোগাযোগের হাব বানানোর পরিকল্পনা চলছে।

কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গুগ্‌ল কর্তাদের সঙ্গে বৈঠকে পশ্চিমবঙ্গে IT হাব গড়ার প্রস্তাব দিয়েছেন। রেলমন্ত্রী হিসেবে তিনি বাংলায় রেলের আধুনিকীকরণ ও সম্প্রসারণে এক লক্ষ কোটি টাকার লগ্নির কথাও ঘোষণা করেছেন।

দেড় দশক আগে শিল্পের বিরোধিতা করে কৃষক আন্দোলনকে হাতিয়ার করে ক্ষমতায় এসেছিল তৃণমূল। এবার সেই তৃণমূলকে সরিয়ে শিল্পকেই হাতিয়ার করে ক্ষমতায় এসেছে বিজেপি। জমিনীতি বদলে, কেন্দ্রের সক্রিয় সহযোগিতায় ‘অলাতচক্র’ ভেঙে রাজ্যে শিল্পের জোয়ার আনাই এখন নতুন সরকারের চ্যালেঞ্জ। প্রস্তাব বাস্তবায়িত হলেই বোঝা যাবে, লগ্নিকারীদের ভরসা সত্যিই ‘ইন’ হল কি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *