‘দিদি তাড়ালে অনাথ হব’, স্বামীর দলবদলের পরও মমতার পাশেই নয়না
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- তৃণমূলে ভাঙনের আবহে দলবদল বিতর্কে মুখ খুললেন চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়। স্বামী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ‘বিদ্রোহী’ শিবিরে যোগ দেওয়া নিয়ে কুণাল ঘোষের কটাক্ষের কড়া জবাব দিলেন নয়না। স্পষ্ট জানালেন, “দিদিকে ছেড়ে কোথাও যাব না। মমতা বন্দ্যোপাধ্যায় তাড়িয়ে দিলে অনাথ হয়ে ঘুরব।”
তৃণমূলের অন্দরে বিদ্রোহের সুর চড়েছে। দু’দিন আগেই দলের 20 জন ‘বিদ্রোহী’ সাংসদ এনসিপিআই-তে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। সেই তালিকায় শেষ মুহূর্তে নাম লেখান মমতা-ঘনিষ্ঠ বলেই পরিচিত সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাঁর এই পদক্ষেপের পরেই বিতর্ক চরমে ওঠে।
সুদীপের দলবদলের খবর সামনে আসতেই তাঁকে এবং তাঁর স্ত্রী তথা চৌরঙ্গী বিধানসভার তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়কে একযোগে তীব্র আক্রমণ করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। নাম না করে ব্যক্তিগত আক্রমণের পথে হাঁটেন তিনি।
কুণাল ঘোষ বলেন, “সুদীপ বন্দ্যোপাধ্যায় যাওয়া মানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। শুধু ওরকম একজন পরচুল ওয়ালা লোক নয়, তার সঙ্গে ভ্রাম্যমাণ বিউটি পার্লার পাওয়া যাবে। উনি একাধিক বার দল পরিবর্তন করেছেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্য, এই ধরনের জিনিসপত্রকে মাথায় তুলে রেখেছিলেন।”
এই মন্তব্যের তীব্র নিন্দা করে পাল্টা জবাব দিয়েছেন নয়না বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “সুদীপ বন্দ্যোপাধ্যায় কী করছেন তা সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত ব্যাপার। সেজন্য আমাকে টেনে এভাবে কটূক্তি করা উচিত হয়নি।”
নয়না আরও জানান, কুণালের এই মন্তব্যে তাঁর আত্মমর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। বিষয়টি নিয়ে তিনি দলের শীর্ষ নেতৃত্বকে জানাবেন। একইসঙ্গে নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে নয়না বলেন, “আমি কোনওদিন দিদিকে ছাড়ব না। দিদি আমাকে ছাড়লে অনাথের মতো ঘুরে বেড়াব। কিন্তু ওনাকে আমি নিজে থেকে ছাড়ব না। সুদীপ বন্দ্যোপাধ্যায় কী করেছেন সেটা তাঁর ব্যক্তিগত ব্যাপার।”
তৃণমূলে ভাঙনের মাঝে স্বামী বিদ্রোহী শিবিরে নাম লেখালেও নয়না বন্দ্যোপাধ্যায় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই। কুণাল ঘোষের ‘ভ্রাম্যমাণ বিউটি পার্লার’ কটাক্ষের জবাবে নয়না বুঝিয়ে দিলেন, রাজনৈতিক মত আলাদা হলেও ‘দিদি’র প্রতি তাঁর আনুগত্য অটুট।
