এবার গ্রেফতার হতে পারেন ইন্দ্রনীল সেন! রক্ষাকবচ চেয়ে হাইকোর্টে প্রাক্তন মন্ত্রী
কিউ ইন্ডিয়া বাংলা:- সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, ‘যে দিকে তাকাচ্ছি সেদিকে দুর্নীতি, মনে হচ্ছে পুরো ব্রিগেডটাকেই এবার জেল বানিয়ে ফেলতে হবে’। এবার সস্ত্রীক গায়ক ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে এফআইআর দায়ের হল। গ্রেফতারি এড়াতে আইনি রক্ষাকবচে পেতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের প্রাক্তন পর্যটন তথা তথা ও সংস্কৃতি প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন। বউবাজার থানায় প্রতারণা ও জালিমাতি সহ একাধিক গুরুতর জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। এর পরেই শুক্রবার উচ্চ আদালতে নিজের ও তার স্ত্রীর নামে আগাম জামিনের আবেদন করেছেন প্রখ্যাত এই সঙ্গীতশিল্পী, তথা রাজনীতিক। বউবাজার থানার ইন্দ্রনীল সেন, স্ত্রী মধুছন্দা সেন ও ‘মাসআর্ট অ্যাসোসিয়েটস’ নামে একটি সংস্থার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগকারীদের দাবি, বিশ্ব ঐতিহ্য ইউনেস্কোর নাম ভাড়িয়ে কলকাতার দুর্গাপুজো পরিক্রমার নামে বড়সড় আর্থিক প্রতারণা চালানো হয়েছে। ভুয়ো ও জাল নথিপত্রকে আসল হিসেবে ব্যবহার করে বিপুল টাকার টিকিট বিক্রিরও অভিযোগ উঠেছে প্রাক্তন প্রতিমন্ত্রীর বিরুদ্ধে।
‘মেঘদূত ফাউন্ডেশন’-এর দুই কর্ণধার জয়দীপ মুখোপাধ্যায় এবং সগুনা মুখোপাধ্যায় এই অভিযোগ দায়ের করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন ও তাঁর স্ত্রী মধুছন্দা সেন ছাড়াও এই অভিযোগে নাম রয়েছে ধ্রুবজ্যোতি বসু (শুভ), সায়ন্তন মৈত্র এবং রাজন চট্টোপাধ্যায় নামে আরও তিন ব্যক্তির। নিজেদের দাবির স্বপক্ষে প্রমাণও পুলিশের হাতে তুলে দিয়েছে ওই সংস্থা। অভিযোগপত্রের সঙ্গে অফিশিয়াল ইমেল এবং একগুচ্ছ আইনি নথিপত্র জমা দেওয়া হয়েছে। সেই নথিতে উল্লেখ করা হয়েছে, এই ধরনের টিকিট বিক্রির বা বাণিজ্যিক কর্মকাণ্ডের সঙ্গে ইউনেস্কোর কোনও সম্পর্ক নেই। ফলে মন্ত্রীর পরিবারের নাম জড়িয়ে যে চক্রটি সক্রিয় ছিল, তা সম্পূর্ণ জালিয়াতি ও প্রতারণা ওপর ভিত্তি করে এই কর্মকাণ্ড করেছে। বউবাজার থানায় মোট সাতটি ধারায় মামলা রুজু করা হয়েছে। যা অধিকাংশই জামিন অযোগ্য।
