আজকের দিনেখেলা

বিশ্বকাপের আগেই বিপাকে ইংল্যান্ড, চুরি গেল কেন-বেলিংহ্যামদের বুট-বল, প্রশ্নে আমেরিকার নিরাপত্তা

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, আমেরিকা :- বিশ্বকাপে মাঠে নামার আগেই মহাবিপদে ইংল্যান্ড। কানসাস সিটিতে পৌঁছনোর পথে চুরি গেল হ্যারি কেন, জুড বেলিংহ্যামদের বুট, অনুশীলনের বল ও অন্যান্য সরঞ্জাম। পুলিশ আপাতত দু’জনকে গ্রেপ্তার করলেও চুরি যাওয়া সামগ্রীর এখনও খোঁজ মেলেনি। ঘটনায় প্রশ্নের মুখে আমেরিকার নিরাপত্তা ব্যবস্থা।

এতদিন ফ্লোরিডায় বিশ্বকাপের প্রস্তুতি সারছিল টমাস টুখেলের ইংল্যান্ড। ফুটবলারদের মানসিকভাবে তরতাজা রাখতে দেড়দিনের ছুটিও দিয়েছিলেন তিনি। শনিবার ফ্লোরিডা থেকে মিসৌরির সোপ সকার ভিলেজে পৌঁছনোর কথা ছিল ইংরেজ ফুটবলারদের। সেই যাত্রাপথেই চুরির ঘটনাটি ঘটেছে বলে অনুমান।

জানা গিয়েছে, ইংল্যান্ডের ফুটবলারদের একাধিক জোড়া বুট চুরি গিয়েছে। এছাড়া অনুশীলনের জন্য আনা বল ও অন্যান্য গুরুত্বপূর্ণ সামগ্রীও খোয়া গেছে। শনিবার দুপুর থেকেই সোপ সকার ভিলেজে অনুশীলন শুরু করার কথা ছিল হ্যারি কেনদের। তার আগেই বুট চুরি যাওয়ায় মহা সমস্যায় পড়েছে দল।

কানসাস সিটির পুলিশ ইতিমধ্যেই দু’জনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের চেষ্টা চলছে। কিন্তু কীভাবে কড়া নিরাপত্তা ব্যবস্থা ভেঙে এত বড় চুরির ঘটনা ঘটল, তা নিয়ে উঠছে বড় প্রশ্ন। বিশ্বকাপের মতো মেগা ইভেন্টের আগে আয়োজক দেশের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

এই ঘটনা নিয়ে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন এখনও মুখ খোলেনি।

‘এল’ গ্রুপে ১৭ জুন ক্রোয়েশিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ ইংল্যান্ডের। খেলা হবে টেক্সাসের ডালাস স্টেডিয়ামে। শোনা যাচ্ছে, তীব্র গরমের জন্য ম্যাচের সময় ইংল্যান্ডের রিজার্ভ বেঞ্চে ফুটবলাররা থাকবেন না। তাঁরা থাকবেন ড্রেসিংরুমে, প্রয়োজন হলেই বেঞ্চে আসবেন। তবে সাপোর্ট স্টাফরা বেঞ্চেই থাকবেন।

১৯৬৬ সালের পর বিশ্বকাপ জেতেনি ইংল্যান্ড। প্রতিবার ‘ইটস কামিং হোম’ স্লোগান উঠলেও কাপ ভাগ্য অধরাই থেকে গেছে। ইউরোয় পরপর দু’বার ফাইনালে উঠে হারতে হয়েছে। এবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে আমেরিকায় পা রেখেছে টুখেলের দল। কিন্তু মাঠে নামার আগেই বুট চুরির ধাক্কা কতটা প্রভাব ফেলবে কেন-বেলিংহ্যামদের পারফরম্যান্সে, এখন সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *